তৃণমূলের নেতার ভাই পাকিস্তানি গুপ্তচর! ইসলামপুর থেকে এসটিএফের জালে ফজলে রাব্বি
প্রতিদিন | ২১ আগস্ট ২০২৬
রাজ্যে একের পর এক পাক-যোগের পর্দাফাঁস। খাস কলকাতা থেকে জেলায়, ছড়িয়ে ছিটিয়ে দেশবিরোধী গপ্তচররা! দিন কয়েক আগেই বর্ধমান থেকে গ্রেপ্তার এক পাক চর। গোয়ালপোখর থেকেও পাক সন্দেহে জালে এক। উত্তরবঙ্গে অমিত শাহের সফরের আগেই ফের রাজ্যে এসটিএফের জালে আরও এক পাক চর!
তৃণমূলের ইসলামপুরের ব্লকের প্রাক্তন সভাপতি জাকির হোসেনের ভাই গ্রেপ্তার করল এসটিএফ। বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের ইসলামপুরের আগডিমটিখন্তি পঞ্চায়েতের পাটাগোরা গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ধৃত ফজলে রাব্বি সিদ্দিকী। ইসলামপুর থানার পুলিশের সহযোগিতায় পাটাগোড়া এলাকা থেকে অভিযুক্তকে প্রথমে আটক করে এসটিএফে আধিকারিকরা। এরপর তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ইসলামপুর থানায় নিয়ে আসা হয়। সেখানে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে জানানো হয়। যদিও এ ব্যাপারে এখনই সরাসরি কোন প্রতিক্রিয়া দিতে রাজি হননি ইসলামপুর পুলিশ সুপার রাকেশ সিং।
তবে পুলিশ সূত্রে খবর, সম্প্রতি কোচবিহার থেকে পাকিস্তান-যোগের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই মামলার তদন্তে ফজলে রাব্বি সিদ্দিকীর সঙ্গে কোনও যোগসূত্র পাওয়া গিয়েছে কি না, তা খতিয়ে দেখতেই কার্যত ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্ত করা হবে। যদিও ধৃতের বিরুদ্ধে চা বাগান দখল সহ একাধিক কৃষিজমি বেআইনিভাবে দখলের অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, বছর চারেক আগে মাটিকুন্ডায় এক যুবক খুনের অভিযোগে ধৃতের নাম জড়িয়ে ছিল। তবে ঠিক কি কারণে এসটিএফ তাকে গ্রেপ্তার করল,সে বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এখনই স্পষ্ট কিছু বলা সম্ভব নয়।