ঠিক কী হয়েছিল বুধবার রাতে? তদন্তে কমিটি গড়ল যাদবপুর বিশ্ববিদ্যালয়, দেখা হবে CCTV ফুটেজ
News18 বাংলা | ২০ আগস্ট ২০২৬
কলকাতা: বুধবার রাত থেকে শুরু, দু’পক্ষের মধ্যে সংঘর্ষ, ক্যাম্পাসে ভাঙচুর৷ বৃহস্পতিবার AVBP, SFI-এর পৃথক বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার৷ সব মিলিয়ে ফের চর্চায় যাদবপুর বিশ্ববিদ্যালয়৷ এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা ঘিরে কড়া পদক্ষেপ করলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্যের তরফে জানানো হল, ১৯ অগাস্ট রাত ও ২০ অগাস্টের ঘটনার তদন্তে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
উপাচার্যের তরফে জানানো হয়েছে, আগামিকাল, শুক্রবার ২১ অগাস্ট দুপুরের আগেই তদন্ত কমিটি গঠন করে বিজ্ঞপ্তি জারি করবেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া,ক্যাম্পাসে ভাঙচুর ও সরকারি সম্পত্তি নষ্টের ঘটনায় যাদবপুর থানায় পুলিশি অভিযোগ দায়ের করবে বিশ্ববিদ্যালয়।
পাশাপাশি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ১৯ অগাস্ট রাতের ঘটনার সমস্ত CCTV ফুটেজ সংরক্ষণ করা হবে। তারপরে তদন্ত কমিটির হাতে তুলে দেওয়া হবে CCTV ফুটেজ৷ বেআইনিভাবে ক্যাম্পাসে ঢোকা বহিরাগত এবং ঘটনায় জড়িতদের চিহ্নিত করার চেষ্টা হবে। বিশ্ববিদ্যালয়ের তরফে নিরাপত্তায় কোনও গাফিলতি ছিল কি না, তাও তদন্তের আওতায় আনা হচ্ছে।
নিরাপত্তায় ত্রুটি ধরা পড়লে প্রয়োজনীয় সংশোধনমূলক পদক্ষেপের আশ্বাস উপাচার্যের। ক্যাম্পাসে শান্তি ও সম্প্রীতি ফেরাতে সোমবার দুপুর ৩টেয় CR-1-এ সমস্ত পক্ষকে নিয়ে বৈঠক ডাকছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বুধবার রাতে ঠিক কী হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে?
ঘটনার শুরু বুধবার রাত ৯টায় ৷ ইঞ্জিনিয়ারিং ছাত্র সংগঠন ফেটসুর ডাকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনে চলছিল বৈঠক। এবিভিপির অভিযোগ, ছাত্র সংসদ নির্বাচন হয়নি, তাহলে জিবি মিটিং হয় কীভাবে? এখান থেকেই ঘটনার সূত্রপাত। শুরু হয় বামপন্থী ছাত্র সংগঠন এবং এবিভিপির মধ্যে বচসা। তারপরে তা গড়ায় হাতাহাতিতে।
একদল পড়ুয়া ঢুকে পড়েন অরবিন্দ ভবনে। সেখানেও বিক্ষোভের আগুন। রাত যত বাড়ে বিক্ষোভের পরিসর আরও বাড়তে থাকে। যাদবপুর থানার সামনে শুরু হয় বিক্ষোভ। ছাত্রনেতাদের মধ্যে কথা পাল্টা কথার মাঝেই ঘটনাস্থলে চলে আসেন বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ও ৷ তিনি বলেন, ‘‘জুটাকে হুঁশিয়ারি দিচ্ছি। টিচার্স ইউনিয়ন, আপনারা দেশবিরোধী সংগঠনগুলোকে, টুকরে টুকরে গ্যাংগুলোকে মদত দিচ্ছেন। যাদবপুরে এগুলো সহ্য করব না। হুঁশিয়ারি দিলাম ৷’’
তারপরে আজ এবিভিপি এবং এসএফআইয়ের তরফে পৃথক বিক্ষোভ মিছিল হয়৷ সেখানেও সম্মুখ সংঘাতে জড়ায় দু’পক্ষ৷