মহেশতলা, রাজীব নস্কর : মহেশতলা সম্প্রীতি উড়ালপুলে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। শুক্রবার সন্ধ্যায় মোল্লার গেটের কাছে একটি বাইক ও চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন দুই গাড়ির চালক। পরে হাসপাতালে মৃত্যু হয় বাইক আরোহীর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চারচাকা গাড়িটি মহেশতলা-বাটানগরের দিক থেকে তারাতলার দিকে যাচ্ছিল। অন্যদিকে, তারাতলার দিক থেকে বাটানগরের দিকে আসছিল একটি মোটরবাইক। মোল্লার গেটের কাছে আচমকাই দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে বাইক আরোহী রক্তাক্ত অবস্থায় রাস্তায় ছিটকে পড়েন। গুরুতর আহত হন চারচাকা গাড়ির চালকও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মহেশতলা থানার পুলিশ। দু’জনকেই উদ্ধার করে বেহালা বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালে চিকিৎসকেরা বাইক আরোহীকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম প্রণব সামন্ত (২১)। তিনি বেহালার বাসিন্দা। অন্যদিকে, চারচাকা গাড়ির চালক হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার জেরে সম্প্রীতি উড়ালপুলে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখছে মহেশতলা থানার পুলিশ। দ্রুতগতির কারণেই সংঘর্ষ কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।
সম্প্রতি জাতীয় সড়কে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। হলদিয়া-মেচেদা জাতীয় সড়কের ভবানীপুর থানা এলাকার ব্রজলালচকের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে উল্টে গেল যাত্রীবোঝাই একটি রুটের বাস। বড়সড় এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাসের যাত্রী তথা এক প্রবীণ স্কুল শিক্ষক এবং বাসের হেল্পার। পাশাপাশি এই ভয়াবহ উল্টে যাওয়ার ঘটনায় বাসে থাকা কুড়ি জনেরও বেশি যাত্রী গুরুতর আহত হয়েছেন। রক্তভেজা দুর্ঘটনাস্থল ঘিরে এলাকা জুড়ে নিমেষেই ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য ও শোকের ছায়া।