হাওড়ার বদলে শালিমার-সাঁতরাগাছি, বদলাচ্ছে 9 দূরপাল্লার ট্রেনের টার্মিনাল
eTV Bharat | ২০ আগস্ট ২০২৬
কলকাতা, 20 অগস্ট: হাওড়া ও সাঁতরাগাছি থেকে ছাড়ার বদলে কয়েকটি দূরপাল্লার ট্রেন এবার শালিমার এবং সাঁতরাগাছি থেকে চলবে ৷ দক্ষিণ-পূর্ব রেলের তরফে বৃহস্পতিবার এই পরিবর্তনের কথা জানানো হয়েছে ৷ অক্টোবরের শেষ সপ্তাহ থেকে ধাপে ধাপে নতুন ব্যবস্থা কার্যকর হবে ৷ যাত্রীদের ক্ষেত্রে স্টেশনে পৌঁছনোর পরিকল্পনায় বদল আসতে পারে বলেই রেল সূত্রে জানানো হয়েছে ৷
তালিকায় থাকা ট্রেনগুলির মধ্যে রয়েছে মেঙ্গালুরু সেন্ট্রাল, আজমের, মাইসুরু, পুদুচেরি এবং পুরুলিয়া রুটের ট্রেন। এর মধ্যে কয়েকটির টার্মিনাল হাওড়া থেকে শালিমারে সরানো হচ্ছে বলে খবর। আবার পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেসের গন্তব্য টার্মিনাল হাওড়ার পরিবর্তে হবে সাঁতরাগাছি ৷ 29 অক্টোবর থেকে 22851 শালিমার-মেঙ্গালুরু সেন্ট্রাল এক্সপ্রেস শালিমার থেকেই যাত্রা শুরু করবে ৷ ফিরতি 22852 মেঙ্গালুরু সেন্ট্রাল-শালিমার এক্সপ্রেস 31 অক্টোবর থেকে সাঁতরাগাছির বদলে শালিমারে পৌঁছবে ৷ সংশ্লিষ্ট ট্রেনটির সাঁতরাগাছিতে আগমনের সময় হবে বিকেল 4.55 মিনিট এবং ছাড়বে বিকেল 4.57 মিনিট।
আজমেঢ়গামী 18009 শালিমার-আজমেঢ় এক্সপ্রেসের ক্ষেত্রে টার্মিনাল বদল হচ্ছে না ৷ তবে 30 অক্টোবর থেকে শালিমারে ট্রেনটির পৌঁছনোর সময় দুপুর 12.40 মিনিট এবং ছাড়ার সময় দুপুর 12.58 মিনিট নির্ধারিত হয়েছে ৷ ফিরতি 18010 আজমেঢ়-শালিমার এক্সপ্রেস 1 নভেম্বর থেকে শালিমারে পৌঁছবে দুপুর 2.30 মিনিটে এবং ছাড়বে দুপুর 2.32 মিনিটে ৷ 28 অক্টোবর থেকে 22817 হাওড়া-মইসুরু এক্সপ্রেসের বদলে শালিমার-মইসুরু এক্সপ্রেস চালু হবে ৷ ফিরতি 22818 মইসুরু-হাওড়া এক্সপ্রেসও 1 নভেম্বর থেকে শালিমার পর্যন্ত চলবে ৷
অন্যদিকে, পুদুচেরিগামী 12867 হাওড়া-পুদুচেরি এক্সপ্রেস 25 অক্টোবর থেকে শালিমার-পুদুচেরি এক্সপ্রেস হবে। ফিরতি 12868 পুদুচেরি-হাওড়া এক্সপ্রেস 28 অক্টোবর থেকে শালিমারে শেষ হবে। এছাড়া 12884 পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেসের যাত্রা 25 অক্টোবর থেকে সাঁতরাগাছি পর্যন্ত সীমিত করা হচ্ছে। ট্রেনটি সাঁতরাগাছিতে পৌঁছবে রাত 9টা এবং সেখানেই যাত্রা শেষ করবে ৷ দক্ষিণ-পূর্ব রেলের এই সিদ্ধান্তে একাধিক দূরপাল্লার ট্রেনের যাত্রীদের স্টেশন বাছাইয়ে বাড়তি নজর দিতে হবে। বিশেষ করে হাওড়া থেকে নিয়মিত ট্রেনে ওঠা যাত্রীদের ক্ষেত্রে নতুন টার্মিনাল সম্পর্কে আগে থেকে নিশ্চিত হওয়া জরুরি। দক্ষিণ-পূর্ব রেলের বক্তব্য, নির্ধারিত তারিখ থেকেই সংশ্লিষ্ট ট্রেনগুলির নতুন সূচি কার্যকর হবে।