• ৪ রাজ্যে রেলে ১৩,০০০ কোটি টাকার প্রকল্প, নজরে বঙ্গ–কলিঙ্গও
    এই সময় | ২১ আগস্ট ২০২৬
  • এই সময়, নয়াদিল্লি: দেশের চারটি রাজ্যের রেল পরিকাঠামোর সার্বিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ করল মোদী সরকার৷ বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ১৩,০৪১ কোটি টাকা মূল্যের বিভিন্ন রেল প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে৷

    এ বার রেলওয়ের চারটি মাল্টি-ট্র্যাকিং প্রকল্প পশ্চিমবঙ্গ, ওডিশা, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ— এই রাজ্যগুলির আটটি জেলা জুড়ে বাস্তবায়িত হবে। এর মধ্যে রয়েছে— খড়্গপুর-ভদ্রক চতুর্থ লাইন, ভদ্রক-হরিদাসপুর চতুর্থ লাইন, গুম্মিডিপুন্ডি-গুডুর তৃতীয় ও চতুর্থ লাইন এবং কটক-পারাদ্বীপ তৃতীয় ও চতুর্থ লাইন।

    এর ফলে ভারতীয় রেলের নেটওয়ার্কে প্রায় ৪১০ কিলোমিটার নতুন রেলপথ যুক্ত হবে। এই প্রকল্পগুলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'নতুন ভারত' গড়ার লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। প্রস্তাবিত এই মাল্টি-ট্র্যাকিং প্রকল্পগুলো প্রায় ৬,৪৪৮টি গ্রামের সাথে যোগাযোগ ব্যবস্থা উন্নত করবে, যেখানে মোট জনসংখ্যা প্রায় ৬০ লক্ষ।

    এ ছাড়া দেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রের সাথে রেল যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে। এর মধ্যে রয়েছে কুলডিহা বন্যপ্রাণী অভয়ারণ্য, ভিতরকণিকা জাতীয় উদ্যান, মা ভদ্রকালী মন্দির, মা ধামরাই মন্দির, পঞ্চলিঙ্গেশ্বর মন্দির ইত্যাদি।
  • Link to this news (এই সময়)