এই সময়, বুদবুদ: বেহাল রাস্তার জন্য বাড়ি পর্যন্ত যেতেই পারল না অ্যাম্বুল্যান্স। কার্যত বিনা চিকিৎসায় মৃত্যু হলো ছ’মাসের এক শিশুপুত্রের। বুদবুদ থানা এলাকার রণডিহা অঞ্চলের চাকতেঁতুল গ্রামের বাউড়িপাড়ায় এই ঘটনা ঘটেছে বুধবার রাতে।
বৃহস্পতিবার সকালে এই খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়ে বাউড়িপাড়া। বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, বেহাল রাস্তায় অ্যাম্বুল্যান্স না–ঢোকায় বাচ্চাটিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। সেই কারণেই মৃত্যু হয়েছে বাচ্চাটির। দীর্ঘক্ষণ পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন বাসিন্দারা।
মৃত শিশুর মাসি মাধবী বাউড়ি বৃহস্পতিবার বলেন, ‘গতকাল রাতে বাচ্চা অসুস্থ হয়। অ্যাম্বুল্যান্সে ফোন করা হয়। কাদা রাস্তায় অ্যাম্বুল্যান্স ওই বাচ্চার বাড়ি পর্যন্ত আসতে পারেনি। তখন বাচ্চাটিকে কোলে নিয়ে হাসপাতালে যাওয়ার সময়ে রাস্তায় মারা যায়।’ উল্লেখ্য, বাউড়িপাড়ায় যাতায়াতের পথে প্রায় ৪০০ ফুট রাস্তা একেবারে বেহাল হয়ে রয়েছে।
গ্রামবাসীদের কথায়, ‘এটা রাস্তা নয়। চাষের মাঠ। একে কাঁচা রাস্তা, তার মধ্যে প্রভাবশালী এক ব্যক্তি ওই এলাকায় মন্দির তৈরি করবেন বলে রাস্তায় মাটি ফেলেছিলেন। বর্ষার বৃষ্টিতে সেই মাটি কাদায় পরিণত হয়েছে। রাতে বালি বোঝাই ট্র্যাক্টর কাদায় ভরা ওই রাস্তা দিয়ে নিয়মিত যাতায়াত করে। ফলে রাস্তা চাষের মাঠে পরিণত হয়েছে।’ গ্রামবাসীদের এই অভিযোগ সম্পর্কে স্থানীয় বিধায়ক রাজু পাত্র বলেন, ‘বাউড়িপাড়ার ওই রাস্তা ও স্থানীয় গোপমহল গ্রামের দেড়শো ফুট রাস্তা বেহাল হয়ে রয়েছে। দু’টি রাস্তা মেরামতেরজন্য জেলা পরিষদে প্রস্তাব দেওয়া হয়েছে।’