নাইজেরিয়ায় নৌকাডুবি। কমপক্ষে ৪৬ জনের মৃত্যু। নাইজেরিয়া পুলিশের মুখপাত্র আহমেদ রুফাই জানিয়েছেন, বৃহস্পতিবার উত্তর-পশ্চিমের সোকোটো রাজ্যে নৌকাডুবি হয়। নৌকায় ৭০ জন ছিলেন। তাঁদের মধ্যে অনেকেই শিশু। গোরোনি এলাকার গোরাউতে ৪৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দশ জন সাঁতরে পাড়ে উঠতে পেরেছেন। কিন্তু এখনও নিখোঁজ ১৫ জন। যে এলাকায় দুর্ঘটনা, সেটি খুব দুর্গম। সূত্রের খবর, নৌকায় চেপে দূরের কয়েকটি ফার্ম হাউসে চাষের কাজে যাচ্ছিলেন ৭০ জন। সেই সময়েই দুর্ঘটনা ঘটে।
নিয়ম ভেঙে দ্রুতগতিতে গাড়ি চালানোর অভিযোগ। দ্রুতগতিতে চলতে থাকা গাড়ির চাকা খুলে দুর্ঘটনা। নিউ টাউন ট্রাফিক পুলিশ সূত্রে খবর একাধিক জায়গায় গাড়িটি ধাক্কা মারে অবশেষে বলাকা থেকে নিউ টাউন গেটের দিকে যাওয়ার সময়ে গাড়ির টায়ারটি খুলে বেরিয়ে যায়। লোহার রিমের ওপর গাড়িটি চলতে থাকে। অবশেষে নিউ টাউন গেটের সামনে দুমড়ে মুচরে যাওয়া দুর্ঘটনাগস্ত গাড়িটি দাঁড়িয়ে যায়। গাড়িতে থাকা তিনজনকে আটক করে নিউ টাউন থানার পুলিশ।
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ, শুক্রবার শপথ নেবেন। সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান। বাংলাদেশের জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবেন।
মঙ্গলাহাটে তোলাবাজির অভিযোগে হাওড়া পুরনিগমের ২৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার এবং তৃণমূল কংগ্রেস নেতা শৈলেশ রাইকে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ গ্রেপ্তার করেছে। উত্তরপ্রদেশের গাজিপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শৈলেশ রাই রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং বর্তমানে মধ্য হাওড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক অরূপ রায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত।
রেড রোডে ফের বেপরোয়া গাড়ি। ফোর্ট উইলিয়ামের বিজয়দ্বারের সামনের ঘটনা। গাড়িটি অধরা। CCTV ফুটেজ খতিয়ে দেখে চলছে অভিযুক্ত গাড়িটির সন্ধান।
মুম্বইয়ে কুরলার কুরেশি নগরে বাড়ির উপরে ভেঙে পড়ল বিশাল বড় ক্রেন। আহত কমপক্ষে ১০।
দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে রবিবার থেকে। উপকূলের দুই জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলায় একাধিক দফায় মাঝারি এবং কখনও দুই-এক পশলা ভারী বৃষ্টি।
বাঁকুড়ার জয়পুর জঙ্গল ছেড়ে ২ নম্বর রাজ্য সড়ক পার হয়ে দ্বারকেশ্বর নদী পেরিয়ে শাবক-সহ ১০টি হাতির একটি দল সোনামুখীর উদ্দেশে বৃহস্পতিবার রাতে রওনা হয়। চাষের মরশুম হওয়ায় হাতিদের চলাচলে কৃষি জমি ক্ষতির আশঙ্কা চাষীদের।