সাতসকালে দুর্ঘটনা। মত্ত অবস্থায় বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে একাধিক জায়গায় ধাক্কা মারার অভিযোগে তিন জনকে আটক করল নিউটাউন থানার পুলিশ। দুর্ঘটনার জেরে গাড়িটির একটি চাকা খুলে বেরিয়ে যায়। শুক্রবার ভোরে নিউটাউনের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। কী ভাবে দুর্ঘটনা ঘটল খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেপরোয়া গতিতে নিউটাউনের বলাকা মোড়ের উপর দিয়ে যাচ্ছিল গাড়িটি। পথে একাধিক জায়গায় ধাক্কা মারে বলে অভিযোগ। সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। সেই অবস্থাতেই এঁকেবেঁকে ছুটছিল গাড়ি। অভিযোগ, ভিতরে মত্ত অবস্থায় ব্যাপক হুল্লোড় করছিলেন তিন যুবক।
নিউটাউন গেটের দিকে যাওয়ার সময়ে আচমকাই গাড়ির একটা চাকা খুলে যায়। লোহার রিং বেরিয়ে পড়ে। ওই অবস্থাতেই গাড়ি দ্রুত গতিতে যাচ্ছিল বলে অভিযোগ। এই অবস্থায় বিশ্ববাংলা গেটের সামনে একটি গার্ডওয়ালে ধাক্কা মেরে দাঁড়িয়ে যায় গাড়িটি। দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করেন তাঁরা। পাশাপাশি গাড়িতে থাকা তিন জনকেও আটক করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে একাধিক জায়গায় ধাক্কা মারার কথা স্বীকার করে নিয়েছেন গাড়িতে থাকা তিন যুবক। কী ভাবে দুর্ঘটনা ঘটল, গাড়িটির গতিবেগ কত ছিল, খতিয়ে দেখছে নিউটাউন থানার পুলিশ। চালকের ভূমিকাও দেখা হচ্ছে। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তাও তদন্ত করে দেখছে পুলিশ।
১. কোথায় দুর্ঘটনাটি ঘটেছে?
নিউটাউনে বলাকা মোড় থেকে বিশ্ববাংলা গেটের দিকে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। শেষ পর্যন্ত বিশ্ববাংলা গেটের সামনে একটি গার্ডওয়ালে ধাক্কা মারে গাড়িটি।
২. কী ভাবে দুর্ঘটনা ঘটল?
অভিযোগ, দ্রুত গতিতে যাওয়ার সময় গাড়িটি একাধিক জায়গায় ধাক্কা মারে। পরে নিউটাউন গেটের কাছে একটি চাকা খুলে যায়। লোহার রিংয়ের উপরেই গাড়িটি চলতে থাকে এবং শেষে গার্ডওয়ালে ধাক্কা মারে।
৩. গাড়িতে কত জন ছিলেন?
গাড়িতে তিন জন যুবক ছিলেন। তাঁদের তিন জনকেই পুলিশ আটক করেছে।
৪. তাঁরা কি মত্ত অবস্থায় ছিলেন?
পুলিশ সূত্রে মত্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
৫. পুলিশ কী কী খতিয়ে দেখছে?
গাড়িটির গতিবেগ কত ছিল, চালকের ভূমিকা কী ছিল, কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারাল এবং ঘটনায় অন্য কেউ জড়িত কি না—সবই খতিয়ে দেখছে পুলিশ।