বিধানসভায় ভরাডুবি, তবুও পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের নির্বাচনে জয়জয়কার তৃণমূলের
eTV Bharat | ২১ আগস্ট ২০২৬
কলকাতা, 18 অগস্ট: পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের নির্বাচনে জয়জয়কার তৃণমূল কংগ্রেসের ৷ রাজ্যে পালাবদলের কোনও প্রভাবই পড়ল না বার কাউন্সিলের নির্বাচনে ৷ রাজ্য বার কাউন্সিলে ভোট হওয়া 23টি আসনের মধ্যে 15 আসনে জয়লাভ করেছেন ঘাসফুল শিবিরের প্রার্থীরা ৷ যেখানে গেরুয়া ঝড় মলিন হয়ে মাত্র তিনটি আসনে জিতেছে বিজেপি ৷
তবে, পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের নির্বাচনে তৃণমূলের এই সাফল্যের নেপথ্যে অন্য কারণ দেখছে ওয়াকিবহালমহল ৷ কারণ, এই ভোট হয়েছিল বিধানসভা নির্বাচন ঘোষণা হওয়ার আগে ৷ অর্থাৎ, গত 9 ও 10 মার্চ দু’দিন ধরে এই ভোট হয়েছিল ৷ তখনও রাজ্যে তৃণমূলের সরকার প্রতিষ্ঠিত ছিল ৷ ফলে সেই সময় পশ্চিমবঙ্গ বার কাউন্সিলে পরবর্তনের আঁচ পৌঁছতে পারেনি ৷
উল্লেখ্য, পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের মোট আসন সংখ্যা 25 হলেও, এবারে নির্বাচন হয় 23টি আসনে ৷ এর মধ্যে 18টি আসনে পুরুষ এবং পাঁচটি আসনে মহিলা প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ৷ আর সব রাজনৈতিক দলের মোট 75 জন প্রার্থী রাজ্য বার কাউন্সিলের ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন ৷ যাঁদের মধ্যে তৃণমূল কংগ্রেস সমর্থিত ছিলেন 23 জন, বিজেপি সমর্থিত 22 জন এবং বাম সমর্থিত 12 জন প্রার্থী মনোনয়ন পেশ করেন ৷ এছাড়াও 18 জন নির্দল প্রার্থীও এই নির্বাচনে লড়েছেন ৷
এদিন নির্বাচনের ফলপ্রকাশে তৃণমূল 15টি, বিজেপি তিনটি আসনে জিতেছে ৷ অন্যদিকে, কংগ্রেস দু’টি আসন এবং বাম সমর্থিত তিনজন প্রার্থী জয়লাভ করেছেন ৷ আর যে পাঁচটি আসনে মহিলা আইনজীবীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তার মধ্যে চারটিতে তৃণমূল এবং একটিতে কংগ্রেস প্রার্থী জয়ী হয়েছেন ৷
তবে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নির্বাচনের ফল ঘোষণার পর মহিলা প্রার্থীদের মধ্য থেকে আরও দু’জনকে মনোনীত করবে বার কাউন্সিল অফ ইন্ডিয়া ৷ এই দু’টি আসন মহিলাদের জন্যই সংরক্ষিত থাকবে ৷ তবে, রাজ্য বিধানসভা নির্বাচনে ভরাডুবি হলেও পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের ভোটে জয়ে উচ্ছ্বসিত ঘাসফুল শিবির ৷