• মেলেনি অন্নপূর্ণার টাকা! রেল অবরোধ বিরাটিতে, আধ ঘণ্টা ট্রেন বন্ধে ভোগান্তি যাত্রীদের
    এই সময় | ২১ আগস্ট ২০২৬
  • অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে রেললাইনে নেমে বিক্ষোভ মহিলাদের। শুক্রবার দুপুরে বিরাটি স্টেশনের শেষপ্রান্তে ফ্লাইওভারের নীচে জড়ো হয়ে রেল অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। যার জেরে ব্যস্ত সময়ে প্রায় আধ ঘণ্টা ট্রেন পরিষেবা বন্ধ থাকায় ভোগান্তির মুখে পড়তে যাত্রীদের।

    হাসনাবাদ থেকে শিয়ালদহগামী ডাউন লোকাল ট্রেন দুপুর ১টা ৪১ মিনিট নাগাদ বিরাটি স্টেশনে ঢোকার সময়ে রেললাইনে অবস্থান বিক্ষোভ শুরু করেন মহিলারা। তার ফলে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে ট্রেন। এর জেরে পিছনে থাকা একাধিক ট্রেনও বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভকারীদের সঙ্গে ট্রেনযাত্রীদের বচসাও বাধে। পরে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় রেল পুলিশ এবং আরপিএফ। তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রায় আধ ঘণ্টা পরে অবরোধ ওঠে। যদিও যাত্রীদের একাংশের দাবি, আধ ঘণ্টা ধরে রেল অবরোধের সারা দিনেরই ট্রেন পরিষেবায় পড়তে পারে। এর পর থেকে অধিকাংশ ট্রেনই দেরি চলতে পারে। তাতে স্বাভাবিক ভাবে ভুগতে হবে সাধারণ যাত্রীদের।

    বিক্ষোভকারীদের অভিযোগ, অন্নপূর্ণার জন্য বার বার তথ্যপ্রমাণ যাচাই-সহ প্রয়োজনীয় সমস্ত নথি জমা দেওয়া হয়েছে। আবেদন অনুমোদিত বা ‘অ্যাপ্রুভড’-ও দেখিয়েছে। কিন্তু এখনও তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। আবার অনেকেই টাকা পেয়ে গিয়েছেন। বিক্ষোভকারীদের দাবি, যোগ্য সকল উপভোক্তাকেই টাকা দিতে হবে। তাঁদের একাংশের বক্তব্য, যাঁরা এখনও টাকা পাননি, তাঁদের সমস্যা চিহ্নিত করে সমাধান করার পরে একসঙ্গে টাকা দেওয়া হোক। কারও প্রাপ্য বকেয়া রেখে অন্যদের টাকা দেওয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।

    প্রশাসনিক সূত্রে খবর, অনেকের ক্ষেত্রে ব্যাঙ্কিং ত্রুটির কারণে অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। আবার অনেকের ক্ষেত্রে আধার সংক্রান্ত সমস্যা দেখা গিয়েছে। কিন্তু আবেদন ‘অ্যাপ্রুভড’ হওয়া সত্ত্বেও কেন টাকা ঢোকেনি, সে ব্যাপারে এখনও স্পষ্ট কিছু জানানো হয়নি প্রশাসনের তরফে। উত্তর দমদমের বিজেপি বিধায়ক সৌরভ শিকদার বলেন, ‘বিষয়টি নিয়ে আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব। তবে উত্তর দমদমে কিছু বামপন্থী লোক এ সব বিক্ষোভে মদত দিচ্ছে। সরকার বিরোধী একটা আবহাওয়া তৈরির চেষ্টা চলছে। সাধারণ মানুষকে বলব, আপনারা এ সব প্ররোচনায় পা দেবেন না। আপনারা শান্ত থাকুন।’

  • Link to this news (এই সময়)