• রূপান্তরকামী সেজে বাড়িতে ঢুকে গৃহবধূকে ‘ধর্ষণ’! চাঞ্চল্য খাস মুম্বইয়ে
    প্রতিদিন | ২১ আগস্ট ২০২৬
  • নিজেকে রূপান্তরকামী বলে পরিচয় দিয়েছিলেন। বলেছিলেন, বাড়ির ‘অশুভ নজর’ কাটিয়ে দেবেন। শাড়ি পরে আসা সেই ব্যক্তিকে আর সন্দেহ করেননি মহিলা। ঘরে বসতে দিয়েছিলেন রূপান্তরকামীকে। তারপর ভয়াবহ ঘটনা। ঘরে ঢুকে মহিলাকে যৌন নির্যাতন করে শাড়ি পরে আসা ব্যক্তি। গোটা ঘটনায় হতবাক পুলিশ। আপাতত আমজনতাকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

    ঘটনাটি ঘটেছে খাস মুম্বইয়ে। জানা গিয়েছে, অভিযুক্তের নাম অনিল শেষরাও শিণ্ডে। গত ১৮ আগস্ট শাড়ি পরে সে পৌঁছয় সেন্ট্রাল মুম্বইয়ের পওয়াই এলাকার একটি বাড়িতে। সেখানে থাকা নির্যাতিতাকে অনিল জানায়, সে রূপান্তরকামী। বাড়ির উপর কোনও অশুভ নজর থাকলে তা কাটিয়ে দেবে। সেকথায় বিশ্বাস করে অনিলকে বাড়ির ভিতরে আসতে বলেন নির্যাতিতা। সেই সুযোগে অনিল সটান ঢুকে পড়ে শোয়ার ঘরে। খুনের ভয় দেখিয়ে মহিলাকে যৌন নির্যাতন করেছে অনিল, এমনটাই অভিযোগ।

    কুকীর্তির পরই এলাকা ছেড়ে পালায় অনিল। পওয়াই থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। জানান, তাঁর বড়সড় ক্ষতি করে দেওয়ার হুমকি দিচ্ছিল অনিল। ভয় দেখিয়ে যৌন নির্যাতন করে পালায় অভিযুক্ত। তবে তার আগে ২০০ টাকা দক্ষিণাও হাতিয়ে নেয় অনিল। অভিযোগ জমা পড়ার পরেই ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। দেখা যায়, শাড়ি পরা এক ব্যক্তি অটোয় চেপে চলে যাচ্ছন। ওই সূত্র ধরে পুলিশ পৌঁছে যায় ঠাণের খারোগাঁও এলাকার একটি বস্তিতে। সেখান থেকেই পরে গ্রেপ্তার করা হয় অনিলকে।

    তাকে জেরা করে জানা গিয়েছে চাঞ্চল্যকর তথ্য। রূপান্তরকামী সাজার আগে ভিক্ষুক সেজেও এইভাবে গৃহস্থের বাড়িতে ঢোকার চেষ্টা করেছিল এই অনিল। পুলিশ জানিয়েছে, এমন ঘটনা এড়াতে আমজনতার সতর্ক থাকা উচিত। অপরিচিতদের বাড়িতে প্রবেশ একেবারে বন্ধ করতে নির্দেশ দিয়েছে পুলিশ। অনিলের বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত। অতীতে কী কী অপরাধ করেছে এই ব্যক্তি, সেটাও খতিয়ে দেখছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)