লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী টানা প্রায় ছয় ঘণ্টা ধরে ধর্না দেন পার্লামেন্ট স্ট্রিট থানায়। শেষমেশ দিল্লির যন্তর মন্তরে পেলেট গান চালানো নিয়ে এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ। পেলেট গান চালানোর কারণে সেই আন্দোলনে ১৯ বছর বয়সি ছাত্র সাহিল লোচাব আহত হন। তাঁকে নিয়েই এ দিন এফআইআর দায়ের করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ রাহুল গান্ধী সাহিল ও তাঁর মাকে সঙ্গে নিয়ে পার্লামেন্ট স্ট্রিট থানায় হাজির হন। পুলিশ প্রথমে এফআইআর নিতে অস্বীকার করলে রাহুল গান্ধী থানার বাইরে ধর্নায় বসে যান। পরে রাহুল বলেন, ‘সাহিলের শরীরে এখনও ২০০টির বেশি ছররা আটকে রয়েছে। থানায় আসার পরেও যদি বিচার না মেলে, তবে সাধারণ মানুষের কী অবস্থা হবে?’ যতক্ষণ না পর্যন্ত অভিযোগ দায়ের হবে, ধর্না চালিয়ে যাবেন বলেও হুঁশিয়ারি দেন রাহুল।
এফআইআর দায়ের হওয়ার পর রাহুল গান্ধী কপির অনুলিপি সাহিলের মায়ের হাতে তুলে দেন। রাহুল বলেন, ‘এটি বিচারের প্রথম ধাপ। এক মাস ধরে এই ছেলেটি এফআইআর-এর জন্য ঘুরেছে, আর আজ আমাদের দীর্ঘ ৭ ঘণ্টা বসার পর পুলিশ মামলা করল। আমরা একজন ভারতীয় নাগরিকের জন্য ন্যায়বিচার চেয়েছিলাম এবং তা আদায় করেছি।’
গত ২০ জুলাই ছাত্রদের বিক্ষোভ চলাকালীন পেলেট গান চালানো হয় বলে অভিযোগ ওঠে। অভিযোগ, সেই সময়েই সাহিল লোচাব আক্রান্ত হন। পরবর্তীতে লেডি হার্ডিং মেডিক্যাল কলেজ এবং এইমস (AIIMS)-এ চিকিৎসা হয় সাহিলের। চিকিৎসকদের মেডিক্যাল রিপোর্ট এবং এক্স-রে অনুযায়ী, সাহিলের শরীরে প্রায় ২০০টিরও বেশি ছররা আটকে রয়েছে, যার মধ্যে ৩টি ছররা ঢুকেছে তাঁর চোখে, যার ফলে দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকিতে রয়েছেন তিনি।