• আবাস যোজনায় টাকা চাওয়ার অভিযোগকে ঘিরে ধুন্ধুমার উছলপুকুরিতে, জখম চারজন
    বর্তমান | ২২ আগস্ট ২০২৬
  • সংবাদদাতা, মেখলিগঞ্জ: আবাস যোজনার বাড়ি পাইয়ে দেওয়ার নামে টাকা চাওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল কোচবিহার জেলার মেখলিগঞ্জে। ঘটনায় দু’পক্ষের মধ্যে তুমুল মারপিটে জখম হয়েছেন চারজন। ঘটনাটি শুক্রবার ঘটেছে মেখলিগঞ্জ ব্লকের ১৬৫ নম্বর উছলপুকুরিতে। 

    অভিযোগ, আবাস যোজনার বাড়ি পাইয়ে দেওয়ার নামে ২০ হাজার টাকা দাবি করা হয়েছিল। আর সেই টাকা দিতে না পারায় যোগ্য উপভোক্তা হওয়া সত্ত্বেও অন্য ব্যক্তির নামে বাড়ি বরাদ্দ করে দেওয়া হয়। অভিযোগকারিণী দীপালি রায় ডাকুয়ার বক্তব্য অনুযায়ী, ২০১৮ সালের আবাস যোজনার সমীক্ষায় তাঁর স্বামী বিশ্বনাথ রায় ডাকুয়ার নাম যোগ্য উপভোক্তা হিসাবে তালিকাভুক্ত হয়েছিল এবং জবকার্ড নম্বরও আবেদনে উল্লেখ ছিল। তাঁর অভিযোগ, পরবর্তীতে স্থানীয় পঞ্চায়েত সদস্যা পার্বতী রায় মাঝি, তাঁর স্বামী তরণীকান্ত রায় মাঝি এবং সুপারভাইজার জগন্নাথ রায় ডাকুয়া পাকা বাড়ির প্রতিশ্রুতি দিয়ে তাঁদের কাছে ২০ হাজার টাকা দাবি করেন। সেই টাকা দিতে না পারায় যোগ্য উপভোক্তা হওয়া সত্ত্বেও তাঁর স্বামীর পরিবর্তে অন্য ব্যক্তিকে বাড়ি দেওয়া হয় বলে অভিযোগ। 

    ঘটনায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ তুলে পার্বতী রায় মাঝি, তরণীকান্ত রায় মাঝি, জগন্নাথ রায় ডাকুয়া এবং বিশ্বজিৎ রায় ডাকুয়ার বিরুদ্ধে মেখলিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দীপালি রায় ডাকুয়া। অভিযোগে তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে। এই অভিযোগকে কেন্দ্র করেই পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে এবং দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। ঘটনায় উভয়পক্ষের চারজন জখম হন। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার পর মেখলিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। 

    তবে অভিযুক্তরা জানিয়েছেন, সম্পূর্ণ মিথ্যে অভিযোগ দায়ের করা হয়েছে। ভিত্তিহীন অভিযোগ। পুলিশ জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
  • Link to this news (বর্তমান)