চলতি বছরে এখনও পর্যন্ত ১৪ জোড়া নতুন ট্রেন এনএফ রেলের
বর্তমান | ২২ আগস্ট ২০২৬
সংবাদদাতা, শিলিগুড়ি: যাত্রী পরিষেবা, সময়ানুবর্তিতা, পরিকাঠামো উন্নয়ন এবং পণ্য পরিবহণে ২০২৬ সালে একাধিক বিশেষ সাফল্য অর্জন করেছে উত্তর-পূর্ব সীমান্ত রেল। চলতি বছরে এখনও পর্যন্ত ১৪ জোড়া নতুন ট্রেন চালু হয়েছে। এর মধ্যে রয়েছে বন্দে ভারত স্লিপার, অমৃত ভারত এবং মেল ও এক্সপ্রেস ট্রেন। পাশাপাশি ৬৭৪টি বিশেষ ট্রেন চালানো হয়েছে, যা গত বছরের তুলনায় ২৩ শতাংশ বেশি বলে শুক্রবার জানান উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জলকিশোর শর্মা। জুলাই মাসে আগরতলা-করিমগঞ্জের মধ্যে প্রথম মেমু পরিষেবাও শুরু হয়েছে।
যাত্রী সুবিধা বাড়াতে ২৩০টি পিআরএস কেন্দ্রকে নেক্সট জেনারেশন জিইউআই ভিত্তিক পিআরএসে রূপান্তর করা হয়েছে। সিপিআরও বলেন, নিউ জলপাইগুড়ি ও গুয়াহাটি স্টেশনে নতুন সুবিধা, ৪৯টি ট্রেনে প্যান্ট্রি পরিষেবা এবং আটটি স্টেশনে ইন্টিগ্রেটেড প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম চালু করা হয়েছে। চারটি স্টেশনে বসানো হয়েছে ১০টি নতুন লিফট। ‘ইট রাইট’ সার্টিফিকেশন পেয়েছে ২৫টি স্টেশন ও চারটি ক্যাম্পাস।
পণ্য পরিবহণেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। হাবাইপুর ও বাইহাটা সহ সাতটি নতুন গতি শক্তি কার্গো টার্মিনাল চালু হয়েছে। এপ্রিল থেকে জুলাই মাস পর্যন্ত পণ্য লোডিং বেড়েছে ৭ শতাংশ।