বিষাক্ত পার্থেনিয়াম ও আগাছায় ঢেকেছে নবদ্বীপের ভাগীরথী বিদ্যাপীঠের খেলার মাঠ
বর্তমান | ২২ আগস্ট ২০২৬
সংবাদদাতা, নবদ্বীপ: বিষাক্ত পার্থেনিয়াম ও আগাছায় ঢেকে গিয়েছে নবদ্বীপ ব্লকের স্বরূপগঞ্জ পঞ্চায়েতের ভাগীরথী বিদ্যাপীঠের খেলার মাঠ। মাঠের চারপাশে ছড়িয়ে পড়েছে পার্থেনিয়াম। পাশাপাশি স্কুলের পশ্চিম দিকে বিস্তীর্ণ এলাকাজুড়ে গজিয়ে উঠেছে ঘন বনজঙ্গল। ফলে ক্রমশ কমছে মাঠের ব্যবহারযোগ্য অংশ। এর জেরে স্কুলের পড়ুয়া থেকে শুরু করে স্থানীয় খেলোয়াড়দের খেলাধূলা ও অনুশীলন কার্যত বন্ধের মুখে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মাঠটি সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি। মাঠের চারপাশে দ্রুত ছড়িয়ে পড়া বিষাক্ত পার্থেনিয়াম নিয়ে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কাও তৈরি হয়েছে। শুধু খেলাধূলাই নয়, মাঠে নিয়মিত হাঁটতে আসা প্রবীণরাও সমস্যায় পড়ছেন।
স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে মাঠ পরিষ্কার করে পার্থেনিয়াম ও আগাছা কেটে ফেলা উচিত। একই সঙ্গে জঙ্গল পরিষ্কার করে মাঠে মাটি ফেলে সমতল করার ব্যবস্থা করতে হবে, যাতে পড়ুয়া ও স্থানীয়রা ফের ক্রিকেট, ফুটবল সহ বিভিন্ন খেলাধুলা ও অনুশীলনের সুযোগ পায়। ভাগীরথী বিদ্যাপীঠের টিচার ইনচার্জ প্রদীপ কুমার রায় বলেন, স্কুলের খেলার মাঠটি আমরা বেশ কয়েকবার পরিষ্কার করেছি। একবার জেসিবি দিয়ে মাঠের মাটি তুলে সমানও করা হয়েছিল। স্কুলের আর্থিক সামর্থ্যের মধ্যেই যতটা সম্ভব মাঠটি ঠিকঠাক করার চেষ্টা করা হয়েছে। স্বরূপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বিজেপির উপপ্রধান কানাই দাস বলেন, চলতি মাসের ১৬ তারিখ থেকে ১২৫ দিনের কাজ শুরু হচ্ছে। ওই দিন ভাগীরথী বিদ্যাপীঠ স্কুলে প্ল্যানটেশন কর্মসূচি রয়েছে। পাশাপাশি, ১২৫ দিনের কাজের আওতায় স্কুলের মাঠ পরিষ্কার করা হবে। মাঠের যেসব জায়গায় গর্ত রয়েছে, সেগুলিতে মাটি ফেলে সমতল করে দেওয়া হবে।