নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিচারপতি শুভ্রা ঘোষের চেম্বারে ঢুকে ফাইল হাতানোর অভিযোগ উঠেছিল সুজিত বসুর আইনজীবীর বিরুদ্ধে। এবার সেই অভিযোগের পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছেন মৌসুমি ভৌমিক নামে ওই আইনজীবী। এই মর্মে হাইকোর্টের প্রধান বিচারপতির সচিবকে চিঠিও দিয়েছেন তিনি। আইনজীবীর আবেদন, ওই অভিযোগের পরে তাঁর পেশাগত জীবন প্রশ্নের মুখে পড়ছে। ঘটনার প্রকৃত সত্যতা যাচাই করার জন্য সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষণ হোক।
ঘটনা হল, পুর নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন মন্ত্রী সুজিতের জামিন মামলার শুনানি শেষ করে রায়দান স্থগিত রেখেছিলেন বিচারপতি ঘোষ। গত বুধবার জানান, সুজিতের জামিন মামলা থেকে তিনি অব্যাহতি নিচ্ছেন। কারণ হিসাবে তিনি জানান, গত মঙ্গলবার সুজিতের এক আইনজীবী তাঁর চেম্বারে যান। সেইসময় নিজের চেম্বারে ছিলেন না তিনি। তাঁর ব্যক্তিগত সচিবকে চেম্বারে থাকা ফাইল দিতে বলেন। বিষয়টি দুঃখজনক বলেও মন্তব্য করেছিলেন বিচারপতি ঘোষ। এবার সেই আইনজীবীই বিষয়টি নিয়ে তদন্তের দাবি করলেন।