স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীদের ডিএ: রাজ্যের অবস্থান জানতে চাইল কোর্ট
বর্তমান | ২২ আগস্ট ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকার পোষিত স্কুলগুলির শিক্ষক ও শিক্ষাকর্মীদের ডিএ প্রদান নিয়ে রাজ্যকে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট। এর আগে সুপ্রিম কোর্টে চলা মামলায় রাজ্যের তরফে জানানো হয়েছিল, রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ-র ৬৫ শতাংশ দেওয়া হয়ে গিয়েছে। সুপ্রিম কোর্টে দেওয়া হিসাবে রাজ্য বলেছিল, সরকারি কর্মী, সরকার পোষিত কর্মী এবং পেনশনভোগীদের বকেয়া ডিএ বাবদ প্রায় ৪২ হাজার কোটি টাকা খরচ হবে। তার মধ্যে সরকারি কর্মীদের ডিএ দিতে ১১,৭৯০ কোটি টাকা, সরকার পোষিত কর্মীদের ডিএ দিতে ১৮,৩৬৯ কোটি টাকা এবং পেনশনভোগীদের ডিএ দিতে ১১,৬১১ কোটি টাকা খরচ করার কথা উল্লেখ করা হয়। কিন্তু অভিযোগ, সরকারি কর্মীদের ডিএ মিটিয়ে দেওয়া হলেও সরকার পোষিত শিক্ষক বা শিক্ষাকর্মীরা এখনো তা পাননি। আদৌ তাঁরা বকেয়া ডিএ পাবেন কি না, তা নিয়ে সংশয় তৈরি হওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল শিক্ষকদের সংগঠন এবিটিএ। শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলার শুনানিতে তাঁদের হয়ে মামলার সওয়াল করেন আইনজীবী ফিরদৌস শামিম। শুনানির পর আদালত জানিয়েছে, আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে রাজ্যকে এই বিষয়ে রিপোর্ট দিতে হবে। রাজ্য সরকারকে লিখিতভাবে ডিএ সংক্রান্ত অবস্থান জানাতে হবে।