• দাশনগরে গুলি: যাবজ্জীবন কারাদণ্ড
    বর্তমান | ২২ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: পুরানো শত্রুতার জেরে বাড়িতে ঢুকে গুলি চালিয়ে এক যুবককে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হল হাওড়ার দাশনগরের বাসিন্দা বিনোদ সিংয়ের। শুক্রবার হাওড়ার ফার্স্ট ট্র্যাক (প্রথম) আদালতের বিচারক সুব্রত ঘোষ এই সাজা ঘোষণা করেন। একইসঙ্গে অস্ত্র আইনের ধারাতেও তাকে দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হয়েছে। তবে প্রমাণের অভাবে বিনোদের তিন সঙ্গী অভিজিৎ, অমিত ও আকাশকে বেকসুর খালাস করেছে আদালত।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর দুপুরে দাশনগরের জলার মাঠ এলাকায় গোবিন্দ মান্নার বাড়িতে যায় বিনোদ ও তার সঙ্গীরা। আগে একসঙ্গে কাজ করলেও পরে গোবিন্দের সঙ্গে বিনোদের শত্রুতা তৈরি হয়। বাড়িতে গিয়ে গোবিন্দের খোঁজ করে বিনোদ। তখন ঘরে থাকা গোবিন্দের স্ত্রী বেবী মান্না জানান, তিনি বাড়িতে নেই। অভিযোগ, এরপর গোবিন্দ ভেবে তাঁর ছেলের বন্ধু সঞ্জয় দাসকে লক্ষ্য করে গুলি চালায় বিনোদ। গুলিবিদ্ধ সঞ্জয়কে হাওড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তদন্তে নেমে পুলিশ বিনোদ সহ চারজনকে গ্রেপ্তার করে।
  • Link to this news (বর্তমান)