• ভাঙড়ে বিস্ফোরণ: শওকত মোল্লার বিরুদ্ধে ইউএপিএতে মামলা দায়ের এনআইএ’র
    বর্তমান | ২২ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভাঙড় বিস্ফোরণ কাণ্ডে ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে ইউএপিএতে (সন্ত্রাস বিরোধী প্রতিরোধক মূলক আইন) মামলা লাগু করল এনআইএ। শুক্রবার কলকাতার বিচারভবনের এনআইএ’র বিশেষ কোর্টে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে ইউএপিএ আইনে শওকতের বিরুদ্ধে মামলা দায়ের করার আবেদন জানায়। বিচারক আরজি মঞ্জুর করেন। এনআইএ’র বিশেষ সরকারি কৌঁসুলি দেবাশিস মল্লিক চৌধুরী জানান, ‘ইউএপিএ আইনের ১৬ ও ১৮ ধারায় মামলা দায়ের করা হয়। তার ভিত্তিতে তদন্ত করবে এনআইএ।’ তদন্তকারী সংস্থার অভিযোগ, ভাঙড় বিস্ফোরণ কাণ্ডের পিছনে ছিল নানা ষড়যন্ত্রমূলক কাজের অভাস। প্রাথমিকভাবে তার প্রমাণও মিলেছে। আর সে কারণেই সন্ত্রাসবাদী প্রতিরোধমূলক আ‌ই঩নে মামলা দায়ের করার জন্য এদিন আদালতে ওই বিশেষ আবেদন জানানো হয়।

    শওকত জেল হেপাজতে আছেন। এই মামলায় ইতিমধ্যে চার্জশিটও হয়ে গিয়েছে। এই অবস্থায় মামলার শুনানি শুরুর মুহূর্তে ফের শওকতের বিরুদ্ধে ইউএপিএ আইনে মামলা দায়ের করার বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করেন প্রবীণ কৌঁসুলিদের একাংশ। জানা গিয়েছে, প্রয়োজনে ফের এই মামলায় এনআইএ তদন্ত করে আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে পারে। যদিও এদিন কোর্ট চত্বরের বাইরে অভিযুক্তদের তরফে এক কৌঁসুলি ফজলে আহমেদ খান সাংবাদিকদের কাছে দাবি করেন, ‘মামলা দীর্ঘায়িত করার জন্য নতুন করে এই মামলা দায়ের করা হয়েছে। আমরা আমাদের বক্তব্য সঠিক সময়ে কোর্টের কাছে পেশ করব।’
  • Link to this news (বর্তমান)