• ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট খুলে কুৎসা, গ্রেপ্তার তৃণমূলি দম্পতি
    বর্তমান | ২২ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: হুগলির শ্রীরামপুরের রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েতের এক তৃণমূল সদস্য ও তাঁর স্বামীকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃত পঞ্চায়েত সদস্যের নাম পাপিয়া দাস সাঁতরা। তাঁর স্বামীর নাম সমীর দাস। তিনি এলাকার পরিচিত তৃণমূল কর্মী। তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন তৃণমূলেরই জেলা পরিষদ সদস্য প্রিয়াঙ্কা দে। তিনি অভিযোগ করেছিলেন যে, পাপিয়ার স্বামী ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে তাঁর নামে কুৎসা করছেন। সেখানে শ্রীরামপুরের বিধায়ক তথা রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্যকেও জড়ানো হয়েছে। শুক্রবার পুলিশ পাপিয়াকে গ্রেপ্তার করে। প্রিয়াঙ্কা বলেন, হরিপদ পাল নামে একটি ফেক অ্যাকাউন্ট খুলেছিলেন পাপিয়া ও তাঁর স্বামী। তাঁরা দু’জনে মিলে আমার স্বামী-পুত্র, মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য এবং এক পুলিশ কর্তার বিরুদ্ধে কুৎসা করেছেন। প্রথমে উপেক্ষা করলেও পরে বাধ্য হয়ে অভিযোগ করতে হয়। পুলিশ পদক্ষেপ করেছে। তার জেরে স্বস্তি পেয়েছি।

    মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য বলেন, ভোটের সময় আমার গাড়িতে টাকা আছে বলে হেনস্তা করা হয়েছিল। অভিযুক্তের পরিবার ওই ঘটনার সঙ্গে যুক্ত ছিল। আমি চাই, পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করুক। পাপিয়া অবশ্য বলেন, আমরা কোনো কুৎসা করিনি। চক্রান্ত করা হচ্ছে। চন্দননগর কমিশনারেটের পুলিশ জানিয়েছে, তদন্তের নির্দিষ্ট সূত্র মেলার পরেই গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ পদক্ষেপ করা হবে। 
  • Link to this news (বর্তমান)