সংবাদদাতা, বারুইপুর: দক্ষিণ ২৪ পরগনায় ক্ষুদ্র শিল্পের প্রসার ঘটিয়ে স্থানীয় স্তরে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে, এমনই বললেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। শুক্রবার বারুইপুরের রবীন্দ্রভবনে আয়োজিত ‘স্বাবলম্বী ভারত অভিযান’-এর উদ্যোগে ‘উদ্যামিতা সম্মেলন-২০২৬’ অনুষ্ঠানে তিনি বলেন, স্থানীয় সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে আরও বেশি মানুষকে স্বনির্ভর করে তুলতে হবে। দিলীপ ঘোষ আরও বলেন, বারুইপুরের পেয়ারা থেকে শুরু করে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন প্রান্তে যে সমস্ত স্থানীয় উৎপাদন ও ক্ষুদ্র শিল্প রয়েছে, সেগুলি আরও প্রসারিত করতে হবে। জেলার বহু মানুষ কাজের সন্ধানে ভিনরাজ্যে পাড়ি দেন। বিশেষ করে সুন্দরবনের প্রান্তিক এলাকার মানুষকে যাতে জীবিকার জন্য অন্য রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে না হয়, সেই ব্যবস্থা স্থানীয়ভাবে গড়ে তুলতে হবে। তিনি বলেন, ‘সুন্দরবনের প্রান্তিক এলাকার মানুষ, বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের রোজগারের ব্যবস্থা করতে হবে।’