• ‘এখন কে মহানায়ক বা ইন্ডাস্ট্রি জানতে চাই না’, দেব-প্রসেনজিৎকে ‘খোঁচা’ দেবশ্রীর!
    প্রতিদিন | ২২ আগস্ট ২০২৬
  • আগামী ৩ সেপ্টেম্বর মহানায়ক উত্তমকুমারের জন্মশতবর্ষ। সেই উপলক্ষে রাজ্য সরকারের তরফে একগুচ্ছ কর্মসূচীর ঘোষণা করা হয়েছে। আগামী ৩ সেপ্টেম্বর মহানায়ক উত্তম কুমারের জন্ম শতবার্ষিকী মহাসমারোহে পালন করা হবে। মহানায়কের স্মৃতির উদ্দেশ্যে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বাংলা চলচ্চিত্রের বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা দেওয়া হবে। তার আগে শহরে শুরু হয়েছে বিশেষ প্রদর্শনী ‘উত্তম দ্য মহানায়ক’। উদ্বোধন করলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী দেবশ্রী রায়। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে উত্তম স্মরণে অভিনেত্রী। একইসঙ্গে জানিয়ে দিলেন তাঁর নজরে ‘মহানায়ক’ বা ‘ইন্ডাস্ট্রি’ একজনই, তিনি উত্তমকুমার।

    ২৪ আগস্ট পর্যন্ত যামিনী রায় গ্যালারিতে চলবে এই প্রদর্শনী। সাম্প্রতিক সময়ে ‘মহানায়ক’ সম্মানে সম্মানিত হয়েছেন দেব। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নামের সঙ্গে জুড়েছে ‘ইন্ডাস্ট্রি’ তকমা। তবে হালফিলের নতুন ‘মহানায়ক’ বা ‘ইন্ডাস্ট্রি’র সঙ্গে সহমত নন, সেটা বারবার নিজের বক্তব্যে স্পষ্ট করেছেন বিশিষ্ট অভিনেত্রী দেবশ্রী রায়। তাঁর এই মন্তব্য সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই একাংশের মতে, তিনি প্রসেনজিৎকেই ‘খোঁচা’ দিয়েছেন দেবশ্রী!

    যদিও কারও নাম নিয়ে কোনও মন্তব্য করেননি। বরং এদিন উত্তমকুমারের সান্নিধ্য লাভ করে জীবন কতটা ধন্য হয়েছে চোখে মুখে ফুটে উঠেছিল সেই অভিব্যক্তি। দেবশ্রী রায় বলেন, “ঈশ্বরের কৃপায় ওঁর মতো মানুষের সান্নিধ্যলাভের সুযোগ পেয়েছি। তবে আফসোস একসঙ্গে কাজ করা হল না। মহানায়কের কোলেও চড়েছি। সুচিত্রা সেনকে নিজের চোখে দেখেছি। গোটা বাংলা, বাঙালি জাতির কাছে মহানায়ক একজনই। মহানায়ক মানে উত্তম কুমার, উত্তমকুমার মানে ইন্ডাস্ট্রি আর ইন্ডাস্ট্রি মানে উত্তম কুমার।”

    আরও বলেন, “এখন কে মহানায়ক বা ইন্ডাস্ট্রি সেটা আমি জানতে চাই না। উত্তমকুমার একজন মডার্ন অ্যাক্টর। যুবসমাজ যদি এখন উত্তমকুমারের সিনেমা দেখে মনেই হবে না পুরনো সিনেমা। মনে হবে এখনই অভিনয় করলেন৷ উনি ইনস্টিটিউশন, ওনাকে দেখলেই শেখা হয়ে যাবে। অভিনয় শিখতে কোনও প্রতিষ্ঠানে ছুটতে হবে না।”
  • Link to this news (প্রতিদিন)