• বিমানযাত্রীদের ব্যাগ হারিয়ে যাওয়ার অভিযোগ বাড়ছে, রিপোর্ট DGCA-র
    এই সময় | ২২ আগস্ট ২০২৬
  • এই সময়: ফ্লাইটে এক শহরে পৌঁছনোর পরে মালপত্র না পাওয়ার অভিযোগ দীর্ঘদিনের। সেই অভিযোগের বহর দিনের পর দিন বাড়ছে।

    ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ)–এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, জুলাইয়ে যাত্রীদের যত অভিযোগ জমা পড়েছে, তার বেশিরভাগই ব্যাগ না পাওয়াকে ঘিরে। তার মধ্যে ব্যাগ হারিয়ে যাওয়া, দেরিতে আসা এবং ব্যাগের ক্ষতি হওয়ার অভিযোগও রয়েছে।

    জানা গিয়েছে, জুলাইয়ে জমা পড়া ২১৯৬টি অভিযোগের মধ্যে ব্যাগ সংক্রান্ত অভিযোগ ছিল ৬৮৭টি। এর বাইরে রয়েছে ফ্লাইট দেরি হওয়া এবং টিকিটের টাকা ফেরত সংক্রান্ত অভিযোগ। তথ্য বলছে, শুধু জুলাইয়ে দেশের ডোমেস্টিক সেক্টরে এক কোটি ২০ লক্ষ যাত্রী যাতায়াত করেছেন। ইন্ডিগোয় উড়েছেন প্রায় ৬৭.৪ শতাংশ যাত্রী। এয়ার ইন্ডিয়া পেয়েছে ২৪ শতাংশ। তথ্য জানাচ্ছে, গত বছরের তুলনায় জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত যাত্রী বেড়েছে ডোমেস্টিকে। ২০২৫–এ এই সময়ে ন’কোটি ৭৭ লক্ষের মতো যাত্রীর জায়গায় এই বছরে ওই সাত মাসে ন’কোটি ৮৪ লক্ষ যাত্রী হয়েছে।

    প্রতি ১০ হাজারে অভিযোগ জমা পড়েছে ১.৮৩টি। আলাদা করে এয়ারলাইন্সের হিসেবও দিয়েছে ডিজিসিএ। সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে অ্যালায়েন্স এয়ারের বিরুদ্ধে। প্রতি ১০ হাজারে ৬৫.৫ জন। স্পাইসজেটের ক্ষেত্রে ৩.৭টি এবং ইন্ডিগোর ক্ষেত্রে ০.৯টি অভিযোগ জমা পড়েছে। ডিজিসিএ জানিয়েছে, জুলাইয়ে দুই ঘণ্টা বা তার চেয়ে বেশি দেরিতে ছেড়েছে ১.২৬ শতাংশ ডোমেস্টিক ফ্লাইট। স্পাইসজেটের ২৮.৩৭ শতাংশ ফ্লাইট দেরিতে ছেড়েছে। সেটাই সর্বাধিক। ফ্লাইট বাতিল হয়েছে মাত্র ০.৬২ শতাংশ। আবহাওয়ার কারণে ২২.৭ শতাংশ, যান্ত্রিক ত্রুটির জন্য ৩৯.৯ শতাংশ এবং অন্য কারণে বাকি ফ্লাইট বাতিল হয়েছে।

  • Link to this news (এই সময়)