• ফুরিয়েছে লাইসেন্সের মেয়াদ, কোথাও নেই আপৎকালীন রাস্তা, পশ্চিম বর্ধমান জেলায় হোটেল-লজগুলির অবস্থা উদ্বেগজনক
    এই সময় | ২২ আগস্ট ২০২৬
  • এই সময়: বেনাচিতি বাজারের পরে এ বার কোক-ওভেন থানার অধীন দুর্গাপুর স্টেশন সংলগ্ন হোটেল ও লজগুলিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থার গাফিলতি ধরা পড়ল। কোনও হোটেলেরই প্রয়োজনীয় ফায়ার লাইসেন্স নেই। আবার কোথাও আগুন লাগলে বাইরে বেরোনোর জন্য আপৎকালীন রাস্তা নেই। এমনই অসঙ্গতি থাকা প্রতিটি হোটেল কর্তৃপক্ষকে নোটিস দিয়েছে দমকল বিভাগ।

    বৃহস্পতিবার বেনাচিতি বাজারে হোটেলগুলিতে অভিযান চালিয়েছিলেন দমকল বিভাগের আধিকারিকরা। শুক্রবার দুপুর থেকে কোক–ওভেন থানার অন্তর্গত দুর্গাপুরের একাধিক হোটেলে অভিযান চালায় দমকল বিভাগ। তখনই হোটেগুলির অগ্নিনির্বাপণ ব্যবস্থার কঙ্কালসার ছবি উঠে আসে। কোথাও নেই পর্যাপ্ত অগ্নিনির্বাপক সামগ্রী, আবার কোথাও ফায়ার লাইসেন্স সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র নেই! বেশ কিছু হোটেলে অগ্নিনির্বাপণ ব্যবস্থার সঙ্গে যুক্ত প্রয়োজনীয় জলের পাইপ লাইনও নেই বলে অভিযোগ। কিছু হোটেলে অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে দমকলের গাড়ি ঢোকার পর্যাপ্ত রাস্তা নেই।

    দুর্গাপুরের দমকল বিভাগের স্টেশন অফিসার মনোজকুমার দাস বলেন, ‘অধিকাংশ হোটেল ও লজ নিয়মের তোয়াক্কা না–করেই চলছে। অগ্নিনির্বাপণের ব্যবস্থা নেই। নোটিস দিয়েছি হোটেল কর্তৃপক্ষকে। প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না–পারলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ দমকল বিভাগের তৎপরতায় খুশি স্থানীয়রা। তাঁদের বক্তব্য, সিটি সেন্টার অঞ্চলের হোটেলগুলিতেই সবচেয়ে বেশি অনিয়ম হয়।

    এ দিন আসানসোলেও সেন–র‍্যালে রোড লাগোয়া এক অভিজাত হোটেলের অগ্নিনির্বাপক ব্যবস্থা খতিয়ে দেখেন আসানসোল উত্তর থানার পুলিশ ও দমকলের অফিসারেরা। অগ্নিনির্বাপণ সংক্রান্ত যন্ত্রাদি ও অনুমতিপত্র দেখা হয়। সূত্রের খবর, হোটেল যে নথি ও যন্ত্রাদি দেখিয়েছে, তার মেয়াদ ফুরিয়ে গিয়েছে। দেওয়ালে লাগানো অগ্নিনির্বাপক যন্ত্রগুলির মেয়াদ ফুরিয়ে গিয়েছে পাঁচ বছর আগেই! দমকল এবং পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, হোটেলের মালিকের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। হোটেল কর্তৃপক্ষের তরফে সঞ্জয় সন্থালিয়া অভিযোগ মেনে নিয়ে ত্রুটি সংশোধনের আশ্বাস দিয়েছেন।

    রানিগঞ্জ শহরে এবং সালানপুর ব্লকের রূপনারায়ণপুরেও শুক্রবার একাধিক লজ ও হোটেলে পুলিশ এবং দমকলের কর্মীরা আসেন। হোটেল এবং লজ মালিকদের কাছে তাঁরা ট্রেড লাইসেন্সের কপি ,ফায়ার লাইসেন্সের সর্বশেষ অনুমতিপত্র এবং সংশ্লিষ্ট কাগজপত্রের ফোটোকপি নিয়েছেন। রানিগঞ্জের একাধিক হোটেলে কী ধরনের অগ্নিনির্বাপক ব্যবস্থা রয়েছে, তা পরীক্ষা করেন দমকল কর্মীরা। যাবতীয় রিপোর্ট জমা দেওয়া হবে পশ্চিম বর্ধমান জেলাশাসকের দপ্তরে।

  • Link to this news (এই সময়)