এই সময়, কাটোয়া: বৌদিকে ভুল বুঝিয়ে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছিল দেওরের বিরুদ্ধে। প্রায় এক মাস আগে নির্যাতিতা পুলিশের কাছে এই বিষয়ে অভিযোগ দায়ের করেন। কিন্তু ফেরার ছিলেন অভিযুক্ত। অবশেষে মোবাইল ফোনের সূত্র ধরে অভিযুক্তকে ঝাড়খণ্ডের রাঁচি থেকে গ্রেপ্তার করেছে কাটোয়া থানার পুলিশ।
ধৃতের নাম বলরাম মণ্ডল ওরফে চূড়া। তাঁর বাড়ি কাটোয়ার গাঁফুলিয়া গ্রামে। শুক্রবার কাটোয়া আদালতে তোলা হয় ধৃতকে। বিচারক তাঁকে চার দিনের পুলিশ হেফাজত দিয়েছেন। জানা গিয়েছে, ওই মহিলার স্বামী ডেকরেটর ব্যবসায়ী। বলরাম তাঁর পিসতুতো ভাই। সেই সুবাদে বাড়িতে যাতায়াত ছিল। বলরাম ওই মহিলাকে ভুল বুঝিয়ে নদিয়ার মায়াপুরে একটি হোটেলে নিয়ে যান।
সঙ্গে ওই মহিলার শিশুসন্তানও ছিল। মহিলার অভিযোগ, ওই হোটেলে আটকে রেখে তাঁর উপরে শারীরিক অত্যাচার চালান বলরাম। জোর করে ধর্ষণও করে। ২৫ জুলাই নির্যাতিতা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। তার পর থেকে পলাতক ছিলেন অভিযুক্ত।