অজ্ঞাতপরিচয় এক যুবকের বস্তাবন্দি দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। নিউ টাউনের স্বামীজি নগর এলাকার ঘটনা। শনিবার সকালে স্থানীয় বাসিন্দারাই প্রথমে ওই যুবকের দেহ পড়ে থাকতে দেখেন। মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া হয় ইকো পার্ক থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক যুবককে মৃত ঘোষণা করেন। দেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সৌরভ বিশ্বাস। তাঁর বয়স আনুমানিক ৩২ থেকে ৩৫ বছর। তবে তিনি কোথাকার বাসিন্দা, তা এখনও জানা যায়নি। পুলিশ আরও জানিয়ছে, সৌরভের মুখ থেঁতলানো দেহ বস্তা দিয়ে ঢাকা ছিল। তাঁর শরীরের বিভিন্ন জায়গায় ট্যাটু রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। তবে ঠিক কী কারণে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটল, তা এখনও জানা যায়নি। তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশের অনুমান, অন্য কোথাও সৌরভকে খুন করে প্রমাণ লোপাটের জন্য দেহ স্বামীজি নগরে এনে ফেলে দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের আরও অনুমান, অন্তত দু-তিন দিন আগে সৌরভকে খুন করা হয়েছে।
এলাকার একটি সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই হাতে এসেছে পুলিশের। সিসিটিভি ফুটেজে এক যুবককে কাঁধে করে একটি দেহ নিয়ে এসে ঘটনাস্থলে ফেলে যেতে দেখা গিয়েছে। সেটিই সৌরভের দেহ কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। একই সঙ্গে সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া ওই ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখছে ইকো পার্ক থানার পুলিশ।