• মেট্রোর কাজ করতে গিয়ে ভেঙে পড়ে বাড়ি, ৭ বছর পর ঘরে ফিরল বউবাজারের ১৫টি পরিবার
    News18 বাংলা | ২২ আগস্ট ২০২৬
  • কলকাতা: মেট্রো রেলে জুড়েছে হাওড়া এবং শিয়ালদা। বদলে গিয়েছে ওই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা কিন্তু আজও আতঙ্কে বউবাজারের দুর্গা পিটুরি লেনের বাসিন্দারা।

    অগাস্ট মাসেই ঘর ছাড়া হন ওই অঞ্চলের বাসিন্দারা। ৭ বছর পরে এখনও টাটকা সেই আতঙ্ক। অগাস্টেই সম্পূর্ণ পথে মেট্রো, অগাস্টেই বাড়ি ফেরা ১৫ পরিবারের, আগস্টেও অপেক্ষা একাধিক পরিবারের। ২০১৯ থেকে ২০২৬ এই আগস্ট মাস আসলেই বউবাজার শহর কলকাতার যন্ত্রণা মনে করিয়ে দেয়।

    ২০১৯ সালে ৩১ আগস্ট হুড়মুড়িয়ে বউবাজারে ভেঙে পড়ে একাধিক বাড়ি। মেট্রোর সুড়ঙ্গ খুঁড়তে গিয়ে এমন ঘটনা ভূ-ভারতে বিরল। ঠিক এক বছর আগে আজকের দিনেই সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান যাত্রী নিয়ে মেট্রো ছোটে বউবাজার দিয়ে। যারা গৃহহীন হয়েছিলেন, তাদের দীর্ঘ দিনের অপেক্ষা ছিল কবে বাড়ি ফিরতে পারবেন তারা, কবে পাবেন বাড়ি ফেরত।

    বউবাজারে অবশেষে ফিরতে পারল ১৫ পরিবার। জানা গিয়েছে ওই অঞ্চলে তৈরি হয়ে গিয়েছে ৩টে বাড়ি। সেই সঙ্গে বাকিদের ফেরানোর জন্য একাধিক বাড়ি তৈরির কাজ চলছে। ঠিক যেখান দিয়ে সুড়ঙ্গ গিয়েছে, সেই জায়গায় অবশ্য এখনও বাড়ি ওঠেনি। যারা ফিরলেন তারা বলছেন সব বদলে গিয়েছে, কিছুই নেই আর আগের মতো। এখন তৈরি হয়ে গিয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রো, হাওড়া থেকে শিয়ালদহের দূরত্ব এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে, অল্প সময়ে কম খরচে এসির হাওয়া খেতে খেতে দ্রুত পৌঁছতে পারছেন বাসিন্দারা। কিন্তু এর মধ্যে সেই অঞ্চলে বাড়ি ভাঙার পরে যারা ঘরছাড়া ছিলেন তাঁদের একমাত্র লক্ষ্য ছিল নিজের ভিটেমাটিতে ফিরে আসা। সাত বছর পরে অবশ্য বাড়ি ফিরতে পেরে কিছুটা স্বস্তি পেলেন সেই বাসিন্দারা।
  • Link to this news (News18 বাংলা)