• গানবাজনার অনুষ্ঠানের মধ্যে ঢুকে পাঁচ জনকে পিষে মারল বাস, বিহারে হুলস্থুল
    এই সময় | ২২ আগস্ট ২০২৬
  • সদ্যোজাতের দীর্ঘায়ু কামনায় ছঠি উৎসব। সেই উপলক্ষে আয়োজিত গানবাজনার অনুষ্ঠান দেখতে ভিড় উপচে পড়েছিল রাস্তার ধারে। সেই সময়ে আচমকাই একটি বাস ভিড়ের মধ্যে ঢুকে পিষে মারল পাঁচ জনকে।

    বিহারের চম্পারণ জেলার ঘটনা। গুরুতর জখম আরও পাঁচ জন। শুক্রবার রাত ১১টা নাগাদ বেতিয়া-লৌরিয়া রাস্তায় বাসভারাইয়া ও পারাউটোলার মাঝে এই দুর্ঘটনা ঘটে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ধর্মেন্দ্র দুবে নামে ব্যক্তির বাড়ির সামনে ছট উপলক্ষে জলসা হচ্ছিল। আশপাশের গ্রামের অনেকে রাস্তার ধারে দাঁড়িয়ে জলসা দেখছিলেন। রাত ১১টা নাগাদ গোরখপুর থেকে বেতিয়াগামী একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ধাক্কা মারেন। ঘটনাস্থলেই দুই গ্রামবাসীর মৃত্যু হয়। তিন জন মারা যান স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলাকালীন। জখম পাঁচ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।

    এসডিপিও জয়প্রকাশ সিং বলেন, ‘বাসের ধাক্কায় ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। বাকি ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা যান। দুর্ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে।’

    পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পরে বাস চালিয়েই সেখান থেকে পালানোর চেষ্টা করেছিলেন চালক। চলেও গিয়েছিলেন কিছু দূর। তার পরে রাস্তায় বাসটি দাঁড় করিয়ে রেখে তিনি পালিয়ে যান। বাসটি বাজেয়াপ্ত করা হয়েছে। চালকের সন্ধানে তল্লাশি চলছে।

  • Link to this news (এই সময়)