পুলিশের স্নিফার ডগদের ভবিষ্যতের সুরক্ষায় বড় সিদ্ধান্ত মহারাষ্ট্র সরকারের। এখন থেকে অবসর নেওয়া কোনও স্নিফার ডগ পুরোনো হ্যান্ডলার বা প্রশিক্ষকদের কাছেই থাকতে পারবে। স্নিফার ডগদের চিকিৎসা, খাওয়া-দাওয়া ও দেখাশোনার সমস্ত খরচ বহন করবে রাজ্য সরকার। শনিবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ।
মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ জানিয়েছেন, যে কুকুর পুলিশ বিভাগে টানা ১০ বছর সেবা দিয়েছে, অবসরের পরে তার কোনও কষ্ট হওয়া উচিত নয়। তাদের যথাযথ যত্ন পাওয়া এবং বাকি জীবন আরামে কাটানো নিশ্চিত করা সরকারের দায়িত্ব। আগে নিয়ম ছিল, অবসরের পরে এদের সাধারণ মানুষকে দত্তক দেওয়া হতো। কিন্তু নতুন নীতিতে এদের আর বাহিনীর বাইরে পাঠানো হবে না।
কাজের সময় কুকুরদের সঙ্গে তাদের হ্যান্ডলারদের অত্যন্ত গভীর আবেগঘন সম্পর্ক তৈরি হয়। হঠাৎ করে নতুন পরিবেশে গেলে বহু কুকুর মানসিক অবসাদে ভুগত এবং খাওয়া-দাওয়া বন্ধ করে দিত। এই বিচ্ছেদ তাদের শরীরের ওপর মারাত্মক প্রভাব ফেলত। নতুন সিদ্ধান্তের ফলে চেনা পরিবেশ ও প্রিয় মানুষের কাছেই তাদের বাকি জীবন কাটবে।
১০ বছরের সক্রিয় চাকরির পর পুলিশ কুকুরদের দায়িত্ব থেকে অবসর দেওয়া হলেও তারা পুলিশ পরিবারের সদস্য হিসেবেই থাকবে। তাদের রোজকার খাবার, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসার যাবতীয় খরচ স্বরাষ্ট্র দফতর সরাসরি জোগাবে। সরকারের এই পদক্ষেপে পুলিশ বিভাগ ও পশুপ্রেমীদের মধ্যে খুশির হাওয়া ছড়িয়েছে।