• ‘বন্দে মাতরম্’-এর মর্যাদায় আপস নয়, গান্ধীর বাণী তুলে ধরে দেশ জুড়ে প্রচারে নামবে বিজেপি
    এই সময় | ২২ আগস্ট ২০২৬
  • জাতীয় গান ‘বন্দে মাতরম্’ নিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে সংঘাতের পথে হেঁটেছে কংগ্রেস। কেন্দ্রীয় সরকার ‘বন্দে মাতরম’-এর ছ’টি স্তবকই গাওয়ার নির্দেশিকা জারি করেছে, তার বিরোধিতা করে রাহুল গান্ধীরা জানিয়েছেন, কংগ্রেস দলীয় কর্মসূচিতে ‘বন্দে মাতরম্’-এর দু’টি স্তবকই গাইবে। মহাত্মা গান্ধীর বাণী তুলে ধরে কংগ্রেসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে এ বার দেশ জুড়ে প্রচার নামার সিদ্ধান্ত নিল বিজেপি।

    শনিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সভাপতিত্বে দলীয় বৈঠকে এই প্রস্তাব পাশ করা হয়েছে। বলা হয়েছে, রাজনৈতিক সুবিধা বা তোষণের রাজনীতির জন্য জাতীয় গানের সম্মানের সঙ্গে কোনও রকম আপস করা হবে না। পাশাপাশি বন্দে মাতরমের গৌরবময় ঐতিহ্য দেশের প্রতিটি কোণায় ছড়িয়ে দিতে দলের তরফে একটি দেশব্যাপী প্রচার অভিযান শুরু হবে বলেও জানানো হয়েছে।

    নীতিন সমাজমাধ্যমে বলেন, ‘আজ, ২২ অগস্ট, ২০২৬ তারিখে ভারতীয় জনতা পার্টি বন্দে মাতরম্-এর প্রতি শ্রদ্ধা এবং এর ঐতিহাসিক উত্তরাধিকার রক্ষার বিষয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রস্তাব পাশ করেছে।’

    কংগ্রেসের সাম্প্রতিক জাতীয় কর্মসমিতির বৈঠকে গৃহীত সিদ্ধান্তেরও নিন্দা করেছে বিজেপি। কংগ্রেসের বক্তব্য, ১৯৩৭ সালে কলকাতায় কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, সুভাষচন্দ্র বসু, সর্দার বল্লভভাই পটেল-সহ শীর্ষনেতৃত্ব বন্দে মাতরম্-এর প্রথম দু’টি স্তবক গাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এ বার কংগ্রেসকে জবাব দিতে সেই গান্ধীর বক্তব্যই প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। পদ্মশিবির তাদের প্রস্তাবে জানিয়েছে, গান্ধীর বক্তব্য ছিল, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ভীষণ ভাবে জাতীয়বাদী ভাবনায় উদ্বুদ্ধ এক স্লোগান বন্দে মাতরম্‌। বিজেপির বক্তব্য, জাতীয় গান কোনও ধরনের সাম্প্রদায়িক চাপ, রাজনৈতিক তোষণ বা সংকীর্ণ ভোটব্যাঙ্কের রাজনীতির শিকার হোক, তা তারা চায় না। সেই চেষ্টা তারা বরদাস্তও করবে না।

  • Link to this news (এই সময়)