• মোদীর জন্মদিনে রাজ্যে ‘অন্নপূর্ণা দিবস’ ঘোষণা, বিক্ষোভকারীদের কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী?
    এই সময় | ২২ আগস্ট ২০২৬
  • ১৭ সেপ্টেম্বর রাজ্যে ‘অন্নপূর্ণা দিবস’ পালন করা হবে রাজ্যে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনই রাজ্যের সমস্ত জেলায় অন্নপূর্ণা যোজনায় আর্থিক সাহায্য প্রাপকদের নিয়ে দিনটি পালন করা হবে বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের বিভিন্ন জেলায় মহিলাদের বিক্ষোভের মাঝেই শনিবার ভবানীপুরে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রীর আশ্বাস, আরও ২৫ থেকে ৩০ লক্ষ মহিলা এই যোজনার যোগ্য হলে তাঁদেরও এই আর্থিক সুবিধা দেওয়ার ব্যবস্থা করবে রাজ্য সরকার।

    বিগত সরকারের আমলে যে এলাকায় বিজেপি জিতেছিল, সেখানে অনেক বিজেপি কর্মী, সমর্থক মহিলাদের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প থেকে বঞ্চিত করা হয়েছিল বলেও এ দিন দাবি করেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু বলেন, ‘যাঁরা বিজেপি করার জন্য বিগত সরকারের কাছে বঞ্চিত হয়েছেন, এই সরকার তাঁদেরকে অগ্রাধিকার দেবে। যাঁরা আর্থিক ভাবে দুর্বল, তাঁদের অগ্রাধিকার দেবে। ২০-২৫ জনকে জড়ো করে মিডিয়ার সামনে লেকচার দিলে, শুভেন্দু অধিকারী মাথানত করার লোক নয়।’

    মুখ্যমন্ত্রী জানান, ৩১ জুলাই পর্যন্ত যাঁরা আবেদন করেছেন, তাঁদের অনেকেরই আবেদন যাচাইয়ের কাজ চলছে। এখনও তাঁদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। শুভেন্দু বলেন, ‘এ মাসে ১ কোটি ৪৫ লক্ষ মানুষকে টাকা দিয়েছি। এটাও কথা দিয়ে গেলাম, যাঁরা এই সামান্য, অল্প ভাতার উপরে নির্ভর করেন, যোগ্য উপভোক্তা হন, আরও ২০-৩০ লক্ষ মহিলাকে সেটা দেওয়ার ব্যবস্থা করব।’

    রাজ্যে ‘অন্নপূর্ণা দিবস’ ঘোষণার বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আগামী ১৭ সেপ্টেম্বর মোদীজির জন্মদিন। ওই দিন পশ্চিমবঙ্গ জুড়ে আমরা ‘অন্নপূর্ণা দিবস’ পালন করব। সব জেলায় জেলায় অন্নপূর্ণা প্রাপকরা জড়ো হবেন। আমি কলকাতাতে এক লক্ষ অন্নপূর্ণাকে নিয়ে সভা করব এবং মোদীজির জন্মদিন পালন করব।’

    গত দু’দিন ধরে একাধিক জেলায় মহিলারা বিক্ষোভে সামিল হয়েছেন। শুক্রবারই রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছিলেন, অনেক জায়গাতেই তৃণমূল কংগ্রেসের ইন্ধনে এই বিক্ষোভ হচ্ছে। বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানানো হবে বলেও জানিয়েছিলেন তিনি। এ দিন মুখ্যমন্ত্রী বলেন, ‘ধমক-চমক দিয়ে, রিল বানিয়ে, মিডিয়া ট্রায়াল করে, ২০-২৫ জনকে রাস্তায় নামিয়ে হেরে যাওয়া তৃণমূল...আপনাদের এসব কোনও বুদ্ধি চলবে না।’

  • Link to this news (এই সময়)