যাঁরা অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি, সকলেই সেই টাকা পাবেন বলে আশ্বস্ত করলেন তৃণমূলত্যাগী সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। শনিবার চুঁচুড়া থেকে সাংসদ জানান, অন্নপূর্ণা যোজনার টাকা না পেলে সাংসদের অফিসে জানান। প্রসঙ্গত, অগস্ট মাসে ১ কোটি ৪৫ লক্ষ মানুষের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকেছে। তবে এখনও অনেকেই টাকা পাননি বলেও অভিযোগ তুলেছেন। যদিও সরকারের তরফে বার বারই আশ্বস্ত করা হচ্ছে, ঠিকমতো কাগজপত্র থাকলে, তিনি টাকা পাবেনই।
NCPI সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় চুঁচুড়া থেকে এ দিন বলেন, ‘সকলে টাকা পাবেন। আমি বার বার বলছি, যাঁদের কাগজ আছে, যাঁরা এনলিস্টেড, কেউ যদি টাকা না পেয়ে থাকেন সবুর করুন, নিশ্চয়ই অ্যাকাউন্টে টাকা ঢুকবে। টাকা দেওয়া শুরু হয়েছে। তার পরেও যদি দেখেন পাচ্ছেন না, তা হলে আপনাদের নাম, ঠিকানা আমার সাংসদ অফিসে এসে দিয়ে যান। আপনারা যাতে পেয়ে যান তার ব্যবস্থা আমি করব।’
এক নজরে
শনিবার ভবানীপুরে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন, আরও ২৫ থেকে ৩০ লক্ষ মহিলা এই যোজনার যোগ্য হলে তাঁদেরও এই আর্থিক সুবিধা দেওয়ার ব্যবস্থা করবে রাজ্য সরকার। তিনি জানান, ৩১ জুলাই পর্যন্ত যাঁরা আবেদন করেছেন, তাঁদের অনেকেরই আবেদন যাচাইয়ের কাজ চলছে। এখনও তাঁদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। শুভেন্দু বলেন, ‘এটাও কথা দিয়ে গেলাম, যাঁরা এই সামান্য, অল্প ভাতার উপরে নির্ভর করেন, যোগ্য উপভোক্তা হন, আরও ২০-৩০ লক্ষ মহিলাকে সেটা দেওয়ার ব্যবস্থা করব।’