পাহাড়ের সমস্যা সমাধানে কমিটি, নেতৃত্বে বিএসএফের প্রাক্তন ডিজি পঙ্কজ কুমার সিং, সমাধান দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ
দৈনিক স্টেটসম্যান | ২৩ আগস্ট ২০২৬
পাহাড়ের দীর্ঘদিনের রাজনৈতিক জটিলতার স্থায়ী সমাধানের লক্ষ্যে পদক্ষেপ করল কেন্দ্র। শনিবার দার্জিলিঙের সুকনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) উপস্থিতিতে ত্রিপাক্ষিক বৈঠক হয়। সেখানে পাহাড়ের সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), গোর্খা জনমুক্তি মোর্চার (GTA) নেতা বিমল গুরুং ও রোশন গিরি এবং দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তা ছিলেন।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা জানান, ‘পাহাড়ের দীর্ঘদিনের সমস্যা নিয়ে এবার একটি কমিটি গঠন করা হবে। এই কমিটির মধ্যস্থতাকারী হিসেবে দায়িত্ব পালন করবেন পঙ্কজ কুমার সিং, যাকে আগেই কেন্দ্র দায়িত্ব দিয়েছিল। কমিটিতে পাহাড়ের অন্যান্য রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বকেও অন্তর্ভুক্ত করা হবে। পাহাড়ের বিভিন্ন সমস্যা, দাবি এবং সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে এই কমিটি কাজ করবে’।
বৈঠকে পাহাড়ের সমস্যা সমাধানে একটি স্থায়ী কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসএফের প্রাক্তন ডিজি তথা প্রাক্তন আইপিএস পঙ্কজকুমার সিংকে এই কমিটির শীর্ষে রাখা হয়েছে। আজকের আলোচনায় তিনি মধ্যস্থতাকারীর ভূমিকাও পালন করেন। তবে কমিটিতে কতজন সদস্য থাকবেন এবং তার কাঠামো কী হবে, তা এখনও জানা যায়নি।
গোর্খাল্যান্ডের (GTA) দাবিকে ঘিরে পাহাড়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক অস্থিরতা রয়েছে। অতীতের প্রশাসন নিয়ে আর্থিক অনিয়ম, শিক্ষক নিয়োগে দুর্নীতি এবং পর্যটন ব্যবস্থা নিয়ে অভিযোগও বৈঠকে উঠে আসে। পাশাপাশি পাহাড়ের সামগ্রিক উন্নয়নকে কেন্দ্রের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে তুলে ধরা হয়।
অমিত শাহ (Amit Shah) জানান, পাহাড়ের যে কোনও সমস্যার সমাধান সাংবিধানিক পথেই করা হবে। শিক্ষক নিয়োগ, পর্যটন এবং পরিবহন ব্যবস্থার আধুনিকীকরণ নিয়েও আলোচনা হয়। বিমল গুরুং ও রোশন গিরিও সাংবিধানিক পদ্ধতিতে সমস্যার সমাধানের বিষয়ে সম্মতি জানিয়েছেন।
পাহাড়ের উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যলোচনা করতে নিয়মিত বৈঠক করার আশ্বাসও দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah)। ফলে দীর্ঘদিনের পাহাড় সমস্যার স্থায়ী সমাধানে এই বৈঠককে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।