এই সময়, হালিশহর: তৃণমূল কর্মীর বাবাকে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি হালিশহর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের। ইতিমধ্যেই ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (ভিডিয়োর সত্যতা 'এই সময়' যাচাই করেনি)। পরে হালিশহর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত জনক শিকদার।
ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, বেশি রাতে কয়েকজন বিজেপি নেতা-কর্মী দীপ শিকদার নামের ওই তৃণমূল কর্মীর বাড়ির সামনে জড়ো হয়েছেন। দীপের দেখা না পেয়ে তাঁর বাবা জনকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়তে দেখা যায় আগত ব্যক্তিদের। তাঁর ছেলে দীপ শিকদারকে বাড়ি থেকে বেরোতে নিষেধ করা হয় বলেও অভিযোগ। পাশাপাশি, বাইরের যুবকদের নিয়ে বাড়ির সামনে ছেলের আড্ডা দেওয়া নিয়েও তাঁর বাবাকে সতর্ক করা হয়। অভিযোগ, কথা কাটাকাটির মধ্যেই জনকবাবুকে কয়েকজন চড়, থাপ্পড় ও লাথি মারেন। লাথির চোটে প্রৌঢ় মাটিতে পড়ে গেলেও মারধর থামেনি। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে মারধরের সেই ছবি।
অভিযোগকারী জনক শিকদারের দাবি, তাঁকে ভয় দেখাতেই এই হামলা চালানো হয়েছে। তাঁর কথায়, 'এলাকায় ভয় ও সন্ত্রাসের পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে।' ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও। যদিও অভিযোগ অস্বীকার না করে বিজেপির নেতাদের দাবি, এর পিছনে অন্য কারণ রয়েছে। তাঁদের বক্তব্য, দীপ শিকদার দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছিলেন। বিজেপি নেতাদের বাড়িতে ভাঙচুর এবং ভোটের আগে হুমকি দেওয়ার অভিযোগও তাঁর বিরুদ্ধে রয়েছে। সম্প্রতি ফের বাইরের যুবকদের নিয়ে এলাকায় আড্ডা দেওয়ার অভিযোগ ওঠে দীপের বিরুদ্ধে। বিষয়টি নিষেধ করতেই তাঁরা দীপের বাড়িতে গিয়েছিলেন। সেই সময় জনক শিকদারের সঙ্গে কথা কাটাকাটি থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে বিজেপির দাবি।
অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে যায় হালিশহর থানার পুলিশ। ঘটনার ভিডিয়ো খতিয়ে দেখার পাশাপাশি অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।