• Breaking News LIVE: শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার প্রতিবেশী যুবক
    এই সময় | ২৩ আগস্ট ২০২৬
  • শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার প্রতিবেশী এক যুবক। মেমারি থানা এলাকার ঘটনা। শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। পরের দিন শনিবার ধৃতকে বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। বিচারক চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ জানিয়েছে, ওই শিশুকন্যা অভিযুক্ত যুবকের বাড়িতে নিয়মিত খেলতে যেত। দিন কয়েক আগে ওই শিশুকন্যাকে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এমনকী, ঘটনার কথা কাউকে না বলার জন্য ভয় দেখানো হয় বলেও অভিযোগ। তার পরে শুক্রবার ওই শিশুকন্যা পুরো বিষয়টি মা-বাবাকে জানায়। শিশুকন্যার পরিবারের তরফে থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

    অশোকনগরের বাইগাছি ONGC কেন্দ্রে নতুন করে জ্বলে উঠল আগুনের শিখা। নতুন খনন করা তিনটি কূপের প্রায় ২,৮৫০ মিটার গভীরে বিপুল পরিমাণ খনিজ তেল ও গ্যাসের সন্ধান মিলেছে। এই দৃশ্য দেখতে শনিবার রাতে স্থানীয় বাসিন্দারা ভিড় জমান। সূত্রে খবর, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের শেষেই বাণিজ্যিক ভাবে অপরিশোধিত তেল উত্তোলন শুরু হতে পারে অশোকনগরে।

    রবিবার ডুরান্ড কাপের ফাইনাল। যুবভারতীতে মুখোমুখি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। চলতি মরশুমে এটি দ্বিতীয় কলকাতা ডার্বি। এর আগে ডুরান্ডের গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচে জিতেছিল মোহনবাগান। এখন দেখার চলতি মরশুমে ডুরান্ডের শিরোপা ওঠে কার মাথায়। ফাইনাল শুরু বিকেল ৫টায়। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

    যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের তাণ্ডবের ঘটনায় গঠন করা হয়েছে তিন সদস্যের তদন্ত কমিটি। কিন্তু শনিবার পর্যন্ত তদন্তে বিশেষ অগ্রগতি হয়নি বলে সূত্রের খবর। এমনকী, তদন্ত কমিটির মনোনীত চেয়ারম্যানের বিরুদ্ধেই অভিযোগ তুলেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।

    রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাংশে। বৃষ্টির বিশেষ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। সঙ্গে বেশ কয়েকটি জেলায় বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার থেকে বৃষ্টি আরও বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এ ছাড়াও, বিশেষ সতর্কতা জারি করা হয়েছে উপকূলের জেলাগুলিতে। এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।

  • Link to this news (এই সময়)