দিল্লির যন্তর মন্তরে ছাত্রবিক্ষোভে অনেকেই অনেক কিছু বলেছে। নিজেদের ক্ষোভ উগরে দিয়েছে। কিন্তু ছেলেরা কটূক্তি করলে সমস্যা নেই। যত সমস্যা মেয়েরা মুখ খুললেই। তখন সংস্কারে আঘাত লাগে। ‘কালচারাল শক’ বলে মনে হয়। এটা মনুস্মৃতি বর্ণিত সেই পিতৃতান্ত্রিক মানসিকতারই প্রতিফলন। এই মর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
শনিবার ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ কর্মসূচিতে ছাত্রীদের সঙ্গে আলাপচারিতায় রাহুল বলেন, ‘মেয়েদের খাঁচায় বন্দি রাখা হবে। তাঁদের নিয়ন্ত্রণ করা হবে। কাজ করতে দেওয়া হবে না। আর ছেলেরা সমস্ত স্বাধীনতা পাবে। তাঁরা যা ইচ্ছা করতে পারে—গালিগালাজ করতে চাইলে সেটা করতে পারে, কাজ করতে চাইলে সেটা পারে। এটা কী ধরনের মানসিকতা? আমরা এমন হিন্দুস্তান চাই না।’
রাহুলের সংযোজন, ‘মনুস্মৃতিতে বলা হয়েছে, মেয়েরা শৈশবে বাবার, যৌবনে স্বামীর এবং পরে ছেলের নিয়ন্ত্রণে থাকবে— এই ধারণা অত্যন্ত লজ্জাজনক। নারীরা কারও সম্পত্তি নন। তাঁরা নিজেরা নিজেদের দায়িত্ব নিতে পারেন। দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে এই শৃঙ্খল ভাঙতে হবে।’
প্রসঙ্গত, পড়ুয়াদের বিক্ষোভের আবহে একটি ভিডিয়োবার্তা প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘আন্দোলনস্থল আমার এবং আমার প্রয়াত মায়ের নামে নানা কুরুচিকর কথা বলা হয়েছে। আমাদের কন্যারা কী ভাবে এমন ভাষা ব্যবহার করতে পারে, তা ভেবে আমি কালচারাল শক পেয়েছি। তবে আমি ওঁদের ক্ষমা করে দিতে চাই।’