অশোকনগরের বাইগাছি ONGC কেন্দ্রে দেখা গেল আগুনের শিখা। যে শিখায় আশার আলো দেখলেন এলাকাবাসী। তাঁদের বিশ্বাস, অশোকনগরে খনিজ তেল উত্তোলন এখন শুধু সময়ের অপেক্ষা। উত্তর ২৪ পরগনার অশোকনগরে বাণিজ্যিক ভাবে খনিজ তেল উত্তোলন করবে ONGC। সূত্রের খবর, নতুন করে খনন করা তিনটি কূপের মধ্যেই মিলেছে খনিজ তেলের সন্ধান। খনিজ তেলের উপরের স্তরে থাকা সেই প্রাকৃতিক গ্যাসই জ্বালানো হচ্ছে (পরীক্ষামূলক ভাবে) বলেও জানা গিয়েছে। যদিও প্রাকৃতিক গ্যাস বা খনিজ তেল উত্তোলন নিয়ে এখনও পর্যন্ত ONGC কর্তৃপক্ষের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
সূত্রের দাবি, অশোকনগরে মোট সাতটি কূপ খনন করা হয়েছে। প্রথম পর্যায়ে বাইগাছি কেন্দ্রে জোর কদমে তৎপরতা চলছে। অশোকনগর বিধানসভা এলাকার ভুরকুণ্ডা, দৌলতপুর-সহ বাকি খনিজ তেলের কূপগুলিতেও কাজ চলছে। পরবর্তীতে সেখান থেকেও তেল তোলা হবে। গোটা প্রকল্পে ইতিমধ্যেই প্রায় এক হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে বলে জানা গিয়েছে। রাজ্যে পালাবদলের পরে আবারও তেল তোলার অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। কাজ চলছে জোর কদমে।
এ বার বাইগাছি কেন্দ্রে ফের আগুন জ্বলার ঘটনা এই প্রকল্প বাস্তবের সম্ভাবনা আরও জোরালো হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। শনিবার রাতের অন্ধকারে ওএনজিসি কেন্দ্রে (পরীক্ষার জন্য) আগুনের শিখা দেখা যেতেই বহু মানুষ সেখানে ভিড় জমিয়েছেন। স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে উৎসাহ, কৌতূহল। ONGCতে কর্মরত এক কর্মীর দাবি, খনিজ তেলের সন্ধান মিলেছে। তবে তেলের স্তরের উপরে থাকা প্রাকৃতিক গ্যাস মাটির নীচ থেকে বেরিয়ে আসার পরে তা পরীক্ষার উদ্দেশে জ্বালানো হয়েছে।
কবে থেকে বাণিজ্যিক ভাবে তেল উত্তোলন শুরু হবে, সেই বিষয়েও সরকারি ভাবে কিছু জানানো হয়নি। তবে প্রকল্পে কর্মরত কর্মীদের সূত্রে খবর, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে অগস্টের শেষেই বাইগাছি প্রকল্প থেকে বাণিজ্যিক ভাবে খনিজ তেল উত্তোলন শুরু হতে পারে।
বাইগাছি কেন্দ্রে নতুন করে তিনটি কূপ খনন করা হয়েছে (news in bengali)। প্রায় ২ হাজার ৮৫০ মিটার গভীর পর্যন্ত খননের পরে সেখানে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া গিয়েছে বলে খবর। তেল উত্তোলনের জন্য পাম্প জ্যাক-সহ অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে আসা হয়েছে। বর্তমানে দু’টি শিফটে শতাধিক কর্মী দিনরাত কাজ করছেন।
২০১৮ সালে বাইগাছি এলাকায় প্রথম বিপুল পরিমাণ খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের সন্ধান মেলে। এর পরে ২০২০ সালে পরীক্ষামূলক উত্তোলনে বাইগাছি কূপ থেকে প্রায় ৩৭৫ ব্যারল অপরিশোধিত তেল পাওয়া যায়। বিশেষজ্ঞদের দাবি, বাইগাছির অপরিশোধিত তেলের API গ্র্যাভিটি প্রায় ৪০-৪১। তেলের মানের বিচারে এটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ তেলক্ষেত্র বম্বে হাইয়ের তেলের সঙ্গে তুলনীয়। তৎকালীন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও অশোকনগরে এসে এখানকার তেলের গুণগত মানের কথা তুলে ধরেছিলেন।
অশোকনগরের বিধায়ক সুময় হীরা জানিয়েছেন, খনিজ তেল উত্তোলন শুরু হলে অশোকনগর-সহ গোটা রাজ্যের অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব পড়বে। স্থানীয়দের কর্মসংস্থানের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি প্রকল্পের নিরাপত্তার জন্যও বিশেষ পরিকল্পনা রয়েছে বলে দাবি তাঁর। অশোকনগরে খনিজ তেলের সন্ধান মেলায় প্রকল্পটি পরিদর্শনেও আসতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে জানা গিয়েছে।
সব মিলিয়ে বাইগাছি ONGC কেন্দ্রের আগুনের শিখা এখন অশোকনগরবাসীর কাছে শুধু পরীক্ষামূলক গ্যাস পোড়ানোর ছবি নয়, বরং বহু বছরের প্রতীক্ষার অবসানের সম্ভাবনার প্রতীক। অশোকনগরে তেল উত্তোলন শুরু হলে দেশের মানচিত্রে অশোকনগরের গুরুত্ব যে অনেকটাই বাড়বে, তা বলার অপেক্ষা রাখে না।