• নিখোঁজ নন IAS জ্ঞানেন্দ্র গঙ্গওয়ার, উত্তরপ্রদেশে বাড়িতে গিয়েছেন বাবাকে দেখতে
    এই সময় | ২৩ আগস্ট ২০২৬
  • কর্নাটকের যে IAS আধিকারিককে গত দু’দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে খবর ছড়িয়েছিল, তিনি আসলে উত্তরপ্রদেশে নিজের বাড়িতে রয়েছেন। বাবার শরীর খারাপের কারণে তিনি কর্নাটক ছেড়েছিলেন বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়্গে। ২০১৬ ব্যাচের IAS আধিকারিক জ্ঞানেন্দ্র কুমার গঙ্গওয়ার বর্তমানে কর্নাটকের শিল্প ও বাণিজ্য দপ্তরের MSME-এর ডিরেক্টর পদে রয়েছেন। তাঁর বাবার শারীরিক অসুস্থতার কারণে জরুরি ভিত্তিতে বাড়ি যেতে হয়েছিল বলে জানিয়েছেন মন্ত্রী।

    ২০ অগস্ট থেকে গঙ্গওয়ারের সরকারি ফোনে যোগাযোগ করা যাচ্ছিল না (news in bengali)। কর্নাটক সরকারের কাছে প্রাথমিক ভাবে যে তথ্য ছিল, তাতে জানা গিয়েছিল, তাঁকে শেষ বার বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে ট্র্যাক করা হয়েছিল। এমনকী তিনি দিল্লির একটি বিমানের টিকিট বুক করেছিলেন বলেও খবর ছড়িয়েছিল। এর পরেই তাঁর নিখোঁজ হওয়ার বিষয়টি নিয়ে জল্পনা শুরু হয়। তবে রাজ্যের মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়্গে জানিয়েছেন, গঙ্গওয়ার নিখোঁজ হননি। তিনি উত্তরপ্রদেশে নিজের বাড়িতে রয়েছেন।

    খাড়্গে জানিয়েছেন, গঙ্গওয়ারের বাবার হার্টের সমস্যা রয়েছে। তাঁর শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হওয়ায় জরুরি পরিস্থিতিতে তাঁকে বাড়ি যেতে হয়। মন্ত্রী জানান, গঙ্গওয়ার কর্তৃপক্ষের কাছে হাতে লেখা ছুটির আবেদন জমা দিয়েছিলেন। অনিবার্য পরিস্থিতির কথা জানিয়ে তিনি এক সপ্তাহের ছুটি চেয়েছিলেন। তবে ছুটির আবেদনটি সঙ্গে সঙ্গে প্রসেস করা সম্ভব হয়নি। কারণ, তার আগের দিন ছিল উৎসবের ছুটি এবং সরকারি দপ্তরগুলিও সম্পূর্ণ ভাবে চালু ছিল না বলে।

    গঙ্গওয়ারের অফিসের ফোনটি বন্ধ ছিল। তাঁর ব্যক্তিগত ফোন থাকলেও প্রথম দিকে আধিকারিকরা তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেননি। মন্ত্রীর দাবি, সেই সময়ে তিনি ট্রাভেল করছিলেন এবং পরে উত্তরপ্রদেশের নিজের শহরে পৌঁছন। পরে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়। গঙ্গওয়ার তাঁদের জানান, তিনি ছুটির আবেদন করেছিলেন এবং বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েছিলেন।

    খাড়্গের বক্তব্য অনুযায়ী, বাবার শারীরিক পরিস্থিতির কারণে গঙ্গওয়ার ঠিকমতো যোগাযোগ করতে পারেননি। আগামী কয়েক দিনের মধ্যে তিনি ফিরে এসে ছুটির জন্য যা যা প্রক্রিয়া রয়েছে, সেগুলি সম্পূর্ণ করবেন বলেও জানিয়েছেন।

    গঙ্গওয়ারের অনুপস্থিতির সঙ্গে কর্নাটক পাবলিক সার্ভিস কমিশন (KPSC)-এ সাম্প্রতিক Enforcement Directorate বা ED-এর তল্লাশির যোগ রয়েছে বলে যে খবর ছড়িয়েছিল, তা সরাসরি খারিজ করেছেন প্রিয়াঙ্ক খাড়্গে। গঙ্গওয়ার আগে KPSC-তে পরীক্ষার নিয়ন্ত্রক পদে কাজ করেছিলেন। মার্চ মাসে তাঁকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। মন্ত্রী জানিয়েছেন, গঙ্গওয়ারের বাড়ি যাওয়ার সঙ্গে KPSC-তে ED-এর তল্লাশির কোনও সম্পর্ক নেই। তাঁর কথায়, পুরো বিষয়টি একটি মিসকমিউনিকেশন।

    প্রিয়াঙ্ক খাড়্গে জানিয়েছেন, বর্তমানে গঙ্গওয়ারের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। কোনও তদন্তের আবেদনও তাঁর বিরুদ্ধে জমা পড়েনি। মন্ত্রী আরও জানান, কোনও সংস্থা তদন্তের নির্দেশ দিলে তার মুখোমুখি হতেও প্রস্তুত রয়েছেন বলে গঙ্গওয়ার সরকারকে জানিয়েছেন। খাড়্গে স্পষ্ট করে বলেন, আধিকারিকের বিরুদ্ধে এই মুহূর্তে কোনও অভিযোগ নেই এবং তাঁর বিরুদ্ধে তদন্ত চেয়ে কেউ আবেদনও করেননি। ফলে গত দু’দিন ধরে IAS আধিকারিক গঙ্গওয়ারকে ঘিরে যে ‘নিখোঁজ’ রহস্য তৈরি হয়েছিল, তা আপাতত মিটেছে। পরিবারের জরুরি পরিস্থিতির কারণেই তিনি উত্তরপ্রদেশে নিজের বাড়িতে গিয়েছিলেন বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে।

  • Link to this news (এই সময়)