উত্তর ২৪ পরগনার শাসন এলাকায় এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। ঘটনাটি ঘটে শনিবার। পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে শাসন থানার পুলিশ। নাবালিকার চিকিৎসার ব্যবস্থা করা হয় বারাসত হাসপাতালে। ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে হাসপাতালে যান কামদুনির প্রতিবাদী মুখ টুম্পা কয়াল। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
অভিযোগ, শনিবার সকালে বাড়িতে ওই নাবালিকা একা ছিল। মা-বাবা কেউ বাড়িতে ছিলেন না। সেই সুযোগে প্রতিবেশী এক যুবক ওই নাবালিকার উপরে যৌন নির্যাতন চালায়। নাবালিকার পরিবারের দাবি, শিশুটিকে ভয় দেখানো হয়েছিল। কাউকে কিছু না বলার জন্য শিশুটিকে হুমকি দেওয়া হয়েছিল। পরে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় ওই যুবক।
শনিবার রাতে নাবালিকাকে বারাসত মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে। ইতিমধ্যেই শহিদুল ইসলাম নামে ওই যুবককে গ্রেপ্তার করেছে শাসন থানার পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে যান কামদুনির প্রতিবাদী মুখ ও বিজেপি নেত্রী টুম্পা কয়াল। তিনি বলেন, ‘পুলিশ এখনও তৃণমূলের প্রভাব থেকে বেরিয়ে আসতে পারেনি এবং ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।’
হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন টুম্পা। পাশাপাশি, এই ঘটনায় দোষীর কঠোর শাস্তির ব্যবস্থা করার জন্য পুলিশকে আবেদন জানান তিনি।