• ‘যদি দরকার হয় এনকাউন্টার হবে, বারুইপুরে যেমন হয়েছে...’ খড়্গপুরে কড়া বার্তা দিলীপ ঘোষের
    এই সময় | ২৩ আগস্ট ২০২৬
  • শান্তি রক্ষায় প্রয়োজনে ট্রিগার টেপার নিদান রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের। রবিবার খড়্গপুর শহরে বিজেপির দলীয় কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা দেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। প্রয়োজনে দুষ্কৃতীদের ‘বারুইপুরের মতো’ দাঁড় করিয়ে গুলি করার কথাও বলেন তিনি। পাশাপাশি তাঁর দাবি, দুষ্কৃতীদের বাড়াবাড়ির তুলনায় পুলিশের বাড়াবাড়ি অনেক ভালো।

    রবিবার খড়্গপুর শহরের ২ নম্বর ওয়ার্ডের (news in bengali) ওটি রোড এলাকায় বিজেপির ২ নম্বর ওয়ার্ড কমিটির দলীয় কার্যালয়ের উদ্বোধন হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে খড়্গপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একাধিক মন্তব্য করেন দিলীপ।

    মন্ত্রী দিলীপের কথায়, ‘খড়্গপুরে তৃণমূলের মদ, গুন্ডা-মাফিয়াদের রাজত্ব চলত। সে সব ঠান্ডা করা হয়েছে। কড়া হাতে পুলিশকে দমন করতে বলা হয়েছে। মাদক পাচার-সহ একাধিক ঘটনায় জড়িত প্রায় ২০০ জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে। কোনও বেআইনি কাজ খড়্গপুরে চলবে না। নেশা, ড্রাগ সব বন্ধ হবে। কোনও মাফিয়া, গুন্ডা খড়্গপুরে থাকতে পারবে না। কেউ ভিতরে গিয়েছে, কারও তরী পার হয়ে গিয়েছে। পুলিশ বলে দিয়েছে, খড়্গপুরে পা রাখলে সোজা গুলি খাবে। ডাল, ভাত খাওয়ার আগে গুলি খেতে হবে। তাতে দাদাগিরি, গুন্ডাগিরি অনেকটাই কমেছে।’ তাঁর সংযোজন, ‘যদি দরকার হয় এনকাউন্টার হবে, বারুইপুরে যেমন হয়েছে।’

    দিলীপ ঘোষ বলেন, ‘পুলিশ বলেছে পুজোর আগে সব ঠান্ডা করবে। ঠান্ডা করতে যা করার দরকার, হাত খোলা আছে। বার করবে, আর ট্রিগার টিপবে। কোনও উৎপাত সহ্য করব না। বহু পরিবার অনাথ হয়ে গিয়েছে, ভয়ে ভয়ে বহু ব্যবসায়ী ব্যবসা করেছেন। এটা আমরা বন্ধ করতে চাই। পুলিশ তার কাজ শুরু করেছে। অনেকে হয়ত অভিযোগ করছে, পুলিশ বাড়াবাড়ি করছে। করুক বাড়াবাড়ি। গুন্ডা মাফিয়াদের বাড়াবাড়ি থেকে পুলিশের বাড়াবাড়ি ভালো।’ সব মিলিয়ে, দলীয় কার্যালয়ের উদ্বোধনের মঞ্চ থেকে আইনশৃঙ্খলা, দুষ্কৃতী দমন নিয়ে দাবাং মুডে মন্ত্রী-দিলীপ।

  • Link to this news (এই সময়)