• ডুরান্ড কাপ ইস্টবেঙ্গলের, ডার্বিতে বাইচুংয়ের স্মৃতি ফেরালেন লালরিনডিকা, বহুদিন পর এমন ছন্নছাড়া মোহনবাগান
    News18 বাংলা | ২৩ আগস্ট ২০২৬
  • কলকাতা : ডুরান্ড কাপ ফাইনাল। সেটা আবার ডার্বি। ওদিকে আবার দুই প্রধানের রেকর্ডও একেবারে সেয়ানে সেয়ানে। এমন উত্তেজক ম্যাচ। আর তাতে জয়ী ইস্টবেঙ্গল।

    রবিবার ১৩তম ডার্বি হল ডুরান্ড ফাইনালে। ১৯৬০ সাল থেকে শুরু। সেবার দিল্লির আম্বেদকর স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুই প্রধান। এতদিন পর্যন্ত ডুরান্ড ফাইনালে ১০টি ডার্বির ফলাফল হয়েছে। তার মধ্যে পাঁচটি জিতেছিল ইস্টবেঙ্গল, পাঁচটি ম্যাচ জিতেছিল মোহনবাগান। তবে এই পরিসংখ্যানে এবার এগিয়ে গেল ইস্টবেঙ্গল। এদিনের ডার্বি লাল-হলুদ জিতল ৪-১ গােলে। এডমুন্ড লালরিনডিকার হ্যাটট্রিক। আরেকটি গোল করলেন বিপিন সিং।

    প্রথমার্ধেই ৪ গোলে এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধ গোলশূন্য। প্রথমার্ধেই মোহনবাগানের মনবীর সিং একটি গোল শোধ করেছিলেন। তার পর দ্বিতীয়ার্ধে একের পর এক চেষ্টা করেছিল মোহনবাগান। তবে লাভ হয়নি।

    ডার্বিতে আন্তোনিও লোপেজ হাবাসকে হারানো কঠিন — ময়দানের এই প্রচলিত ধারণায় ধাক্কা লেগেছিল চলতি ডুরান্ড কাপের শুরুতেই। সেদিন ম্য়াচটা হেরেছিল ইস্টবেঙ্গল। তবে ৬৭ বছরের স্প্যানিশ কোচ সেই হারকে সহজভাবে নেননি। সমালোচকদের জবাব দিতে এবার ডুরান্ড ফাইনালকেই পাখির চোখ করেছিলেন তিনি। আর ট্রফি জয়ের শেষ লড়াইয়ে তাঁর দল যে কতটা কঠিন প্রতিপক্ষ, তা রবিবার প্রমাণ হয়ে গেল।

    ডার্বিতে এর আগে বাইচুংয়ের হ্যাটট্রিক ছিল। সেই রেকর্ড ছুঁয়ে ফেললেন লালরিনডিকা। তিনিও এদিনের ডার্বিতে হ্যাটট্রিক করলেন। যেন আবার বাইচুং ভুটিয়ার স্মৃতি ফেরালেন।

    গত ৬ দিনে তিনটি ম্যাচ খেলেছিল মোহনবাগান। তার সঙ্গে যাতায়াতের ধকল। ফলে ফাইনালের ২৪ ঘণ্টা আগে ফুটবলারদের মধ্যে ক্লান্তির ছাপ ছিল স্পষ্ট। সেই ক্লান্তি ডার্বিতে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াল। প্রতিকূলতাকে জয় করে ট্রফি জেতা আর হল না সবুজ-মেরুন কোচ হোসে মোলিনা দিলেম্পেরিসের। ডুরান্ড কাপ ঘরে তুলল ইস্টবেঙ্গল।
  • Link to this news (News18 বাংলা)