বচসার জের, স্ত্রীর বাড়ির লোকেদের মারে মৃত্যু যুবকের
বর্তমান | ২৩ আগস্ট ২০২৬
নয়াদিল্লি: সন্তানকে ওষুধ খাওয়ানো নিয়ে বচসার সূত্রপাত। ক্রমেই ঝামেলা বাড়তে থাকে। মেজাজ হারিয়ে বাপের বাড়ি চলে যান স্ত্রী। মিনিট দশেক পর বাবা, কাকা, দুই ভাই ও বউদিকে সঙ্গে নিয়ে শ্বশুড়বাড়িতে ফিরে আসেন। প্রথমে একপ্রস্থ কথা কাটাকাটি। তারপরই ওই যুবককে মারধর শুরু করেন স্ত্রীর পরিজনরা। তাতে মৃত্যু হয় ওই যুবকের। ঘটনাটি ঘটেছে দিল্লির নিহাল বিহারে। মৃতের নাম বিনয় গুপ্তা। পেশায় সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার ওই যুবক অ্যাডবিতে কর্মরত ছিলেন। ইতিমধ্যেই এই ঘটনায় বিনয়ের স্ত্রী রেখা, তাঁর দুই ভাই ও এক বউদিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গিয়েছে, সাড়ে তিন বছর আগে রেখার সঙ্গে বিয়ে হয়েছিল বিনয়ের। তাঁদের যমজ সন্তান রয়েছে। বয়স সাড়ে চার মাস। দুই সদ্যোজাতের খাওয়ানোকে কেন্দ্র করেই দম্পতির মধ্যে বচসা শুরু। তারই পরিণতিতে মর্মান্তিকভাবে প্রাণ হারাতে হল যুবককে। ইতিমধ্যেই সে সময়ের বেশ কিছু সিসিটিভি ক্যামেরার ফুটেজ মিলেছে। তার একটিতে দেখা গিয়েছে, একটি সাদা গাড়ি থেকে নেমেই বিনয়কে মারধর করতে থাকেন রেখার পরিবারের সদস্যরা। মৃতের মায়ের অভিযোগ, অতিথিদের জন্য তিনি জলখাবার আনতে গিয়েছিলেন। তারমধ্যেই রেখার বাড়ির লোকেরা বিনয়কে মারধর শুরু করেন। তিনি অনেক চেষ্টা করেও ছেলেকে রক্ষা করতে পারেননি।