• অখিলেশের ‘চার আনা’ কটাক্ষ জাঠদের অপমান, তোপ জয়ন্তর
    বর্তমান | ২৩ আগস্ট ২০২৬
  • লখনউ: বছর ঘুরলেই লোকসভা ভোট। তার আগে সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের মন্তব্য ঘিরে তপ্ত উত্তরপ্রদেশের রাজনীতি। সম্প্রতি একটি রাজনৈতিক সভা থেকে নাম না করে রাষ্ট্রীয় লোক দল (আরএলডি) প্রধান জয়ন্ত চৌধুরীকে তীব্র আক্রমণ করেন। নাম না করে বলেন, ‘জানি না কোথা থেকে জোট করতে চলে এসেছে। আমরা চার আনাকে টাকা বানিয়েছি, তারপরেও আমাদের ছেড়ে চলে গিয়েছে।’ পালটা আক্রমণ শানিয়েছেন জয়ন্তও। 

    ২০২২ সালের উত্তরপ্রদেশ নির্বাচনে সমাজবাদী পার্টির সঙ্গে জোট বেঁধে লড়েছিল আরএলডি। সেসময় একটি জনসভায় জয়ন্ত বলেছিলেন, আমি কোনো চারআনা নই যে পালটে যাব। সেই প্রসঙ্গ টেনেই অখিলেশ ওই মন্তব্য করেছেন বলে মনে করা হচ্ছে। অখিলেশকে পালটা আক্রমণ করে এক্স হ্যান্ডলে জয়ন্ত চৌধুরী লিখেছেন, ‘যদি খারাপ কথা বলতেই হয়, তবে আমার নামটা অন্তত নিতে পারতেন। সেটা কোনো ইস্যু হতো না। আপনি জাঠ সম্প্রদায়কে আক্রমণ করেছেন। বলছেন, এবিসিডি শিখিয়েছেন। এই ধরনের ঔদ্ধত্য পতন ডেকে আনে।’ আরএলডির পাশে দাঁড়িয়েছে বহুজন সমাজবাদী পার্টির সুপ্রিমো মায়াবতীও। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংয়ের পরিবারকে এই কুরুচিকর ভাষায় মন্তব্য করার জন্য গোটা জাঠ সমাজের কাছে ক্ষমা চাওয়া উচিত অখিলেশের। 

    অন্যদিকে শনিবার কংগ্রেসের সঙ্গে জোট সংক্রান্ত প্রশ্নের উত্তরে অখিলেশ বলেন, ‘সমাজবাদী পার্টি কখনোই জোট ভাঙে না। আমাদের দল যদি একসঙ্গে চলার শপথ নেয়, সবসময় তা পালন করে।’ শাসক শিবিরকে তোপ দেগে তিনি বলেন, বিজেপি শিল্পপতিদের পক্ষে। তাঁরা পিছড়ে, দলিত ও সংখ্যালঘুদের উন্নতির বিরুদ্ধে।  
  • Link to this news (বর্তমান)