১০ বছরের সেবার পর আর দত্তক নয়, অবসরপ্রাপ্ত পুলিশ কুকুরদের আজীবন দেখভাল করবে বাহিনী
বর্তমান | ২৩ আগস্ট ২০২৬
মুম্বই, ২৩ আগস্ট: অবসর নেওয়ার পর আর কোনো পরিবারের কাছে দত্তক দেওয়া হবেনা মহারাষ্ট্র পুলিশের প্রশিক্ষিত কুকুরদের। এমনটাই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। এবার থেকে তারা আজীবন পুলিশ বাহিনীর সঙ্গেই থাকবে। রবিবার রাজ্য সরকারের তরফে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
সরকারি সূত্রে জানা গিয়েছে, স্বরাষ্ট্র দপ্তরের একটি রিপোর্টে উঠে এসেছে যে অবসরের পর নতুন পরিবেশে মানিয়ে নিতে অনেক পুলিশ কুকুরের সমস্যা হয়। দীর্ঘদিন যেসব হ্যান্ডলারের সঙ্গে তাদের গভীর সম্পর্ক গড়ে ওঠে, তাদের থেকে বিচ্ছিন্ন হওয়ার পর কিছু কুকুর খাবার খেতেও অস্বীকার করে। সেই কারণেই অবসরপ্রাপ্ত কুকুরদের পুলিশ বাহিনীর মধ্যেই রেখে তাদের খাদ্য, চিকিৎসা ও সার্বিক রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মহারাষ্ট্র পুলিশের বিশেষ প্রশিক্ষিত কুকুররা বিস্ফোরক ও মাদক উদ্ধার, অপরাধীদের সন্ধান, নিখোঁজ ব্যক্তিদের খোঁজ, উদ্ধারকাজ এবং দুর্ঘটনা বা প্রাকৃতিক বিপর্যয়ে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষকে শনাক্ত করার মতো গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত থাকে। মাত্র ছয় থেকে নয় সপ্তাহ বয়সে তারা বাহিনীতে যোগ দেয় এবং দীর্ঘ প্রশিক্ষণের পর বিভিন্ন ইউনিটে কাজ শুরু করে। বর্তমান নিয়ম অনুযায়ী, ১০ বছরের পরিষেবা শেষে পুলিশ কুকুরদের অবসর দিয়ে উপযুক্ত দত্তক পরিবারের হাতে তুলে দেওয়া হতো। কিন্তু স্বরাষ্ট্র দফতরের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, এই বিচ্ছেদ অনেক কুকুরের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলছে।
মুখ্যমন্ত্রী জানান, 'দশ বছর নিষ্ঠা ও বিশ্বস্ততার সঙ্গে পুলিশ বাহিনীর সেবা করার পর এই কুকুরগুলোর কষ্ট পাওয়া উচিত নয়। তারা প্রাণী হলেও তাদের যত্ন নেওয়া আমাদের দায়িত্ব।' নতুন ব্যবস্থায় অবসরের পরও পুলিশ কুকুররা পরিচিত পরিবেশেই থাকবে এবং তাদের প্রয়োজনীয় খাদ্য, স্বাস্থ্য পরিষেবা ও অন্যান্য রক্ষণাবেক্ষণের সমস্ত দায়িত্ব নেবে পুলিশ বিভাগ। সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অধিকাংশ পুলিশ কুকুর অবসরের পর গড়ে আরও এক থেকে দেড় বছর বেঁচে থাকে। ফলে জীবনের শেষ সময়টুকু তারা নিজের পরিচিত হ্যান্ডলার ও পুলিশ পরিবারের সঙ্গেই কাটাতে পারবে।