• এনজেপি স্টেশনের নিরাপত্তা আরও জোরদার করার উদ্যোগ, পরিদর্শনে আরপিএফের ডিজি
    বর্তমান | ২৩ আগস্ট ২০২৬
  • সংবাদদাতা, শিলিগুড়ি: এনজেপি স্টেশনের নিরাপত্তা ব্যবস্থার আধুনিকীকরণ হচ্ছে। উত্তর-পূর্ব ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডরের কৌশলগত গুরুত্বের কথা মাথায় রেখে নিউ জলপাইগুড়ি  স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে। অমৃত ভারত প্রকল্পে এনজেপি স্টেশনের আধুনিকীকরণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলার মধ্যেই নিরাপত্তা ব্যবস্থাতেও বড়সড় পরিবর্তন আনা হচ্ছে।

    কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের শিলিগুড়ি সফরের দিনই উত্তর-পূর্ব সীমান্ত রেলের আরপিএফ এবং উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন আরপিএফের ডিজি সোনালি মিশ্র। তার ১২ ঘণ্টার মধ্যে শনিবার সকালে এনজেপি স্টেশনে আচমকা পরিদর্শনে আসেন রেল সুরক্ষা বাহিনীর (আরপিএফ) ডিজি সোনালি মিশ্র। তাঁর সঙ্গে ছিলেন রেল ও জিআরপির উচ্চপদস্থ আধিকারিকরা। স্টেশন চত্বরে দীর্ঘ সময় ধরে পরিদর্শনের পাশাপাশি আধিকারিকদের সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠকও করেন তিনি।

    বৈঠক সূত্রে জানা গিয়েছে, এনজেপি স্টেশনের নিরাপত্তা ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি প্রয়োজন অনুযায়ী আরপিএফ কর্মীর সংখ্যাও বাড়ানো হবে। কোথায় কতজন নিরাপত্তা কর্মী প্রয়োজন, কোন কোন এলাকায় নজরদারি বাড়াতে হবে এবং কী ধরনের আধুনিক নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা প্রয়োজন—তা খতিয়ে দেখেন আরপিএফ ডিজি।

    স্টেশনের প্ল্যাটফর্ম, টিকিট কাউন্টার, ওয়েটিং হল, রিটায়ারিং রুম-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখেন তিনি। অমৃত ভারত প্রকল্পের কাজ শেষ হলে বদলে যাবে এনজেপি স্টেশনের পরিকাঠামো। সেই পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে নিরাপত্তা ব্যবস্থার নতুন পরিকল্পনাও তৈরি করা হচ্ছে বলে জানা গিয়েছে।

    এনজেপি স্টেশন দীর্ঘদিন ধরেই নিরাপত্তার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে এই স্টেশন ও সংলগ্ন এলাকায় একাধিক নাশকতামূলক ঘটনার জেরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। প্লাটফর্মে ডিটোনেটর উদ্ধার, স্টেশনের ভিতরে ও এনজেপি স্টেশন  সংলগ্ন রেল ব্রিজে ইন্ডিয়ান অয়েলের পাইপলাইনে বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। সেই অভিজ্ঞতার কথা মাথায় রেখেই এবার স্টেশন আধুনিকীকরণের সঙ্গে তাল মিলিয়ে এনজেপির নিরাপত্তা পরিকাঠামোকেও আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

    চিকেনস নেকের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে এনজেপি স্টেশনের গুরুত্ব আগামী দিনে আরও বাড়বে। বাড়বে ঝুঁকি। তাই যাত্রী পরিষেবার পাশাপাশি অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে এই স্টেশনে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করা হচ্ছে। • নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)