• চিকেনস নেক সহ উত্তরের নিরাপত্তা ব্যবস্থা চাঙ্গা করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
    বর্তমান | ২৩ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: চরবৃত্তি থেকে জঙ্গি কার্যকলাপ! জালনোট পাচার থেকে মাদক, অস্ত্রের কারবার! এজন্যই দেশের অভ্যন্তরীণ নিরাপত্তায় নজরদারি বাড়ছে ‘চিকেনস নেক’ শিলিগুড়ির। শনিবার শিলিগুড়িতে এ ব্যাপারে বিএসএফ, এসএসবি, আরপিএফ সহ বিভিন্ন নিরাপত্তা এজেন্সির সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গোয়েন্দা সূত্রের খবর, চিকেনস নেক সহ গোটা উত্তরবঙ্গে নিরাপত্তা ব্যবস্থা চাঙ্গা করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এজন্য প্রতিটি এজেন্সির সঙ্গে সমন্বয় বজায় রাখা এবং প্রতিটি ঘটনা গুরুত্ব দিয়ে পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

    রাজ্যে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলির মধ্যে উত্তরবঙ্গ অন্যতম। রাজ্যে পালাবদলের পরই সংশ্লিষ্ট সীমান্তে কাঁটাতারের বেড়া পাততে জোর দেয় রাজ্য সরকার। ইতিমধ্যে উন্মুক্ত অধিকাংশ জায়গায় বেড়া পাতার কাজ শেষ হয়েছে। তা সত্ত্বেও কোচবিহার জেলার বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামে জাল বিস্তার করেছে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই। যাদের টার্গেট চিকেনস নেকের তথ্য সংগ্রহ এবং এপারে জালনোট, মাদক এবং অস্ত্র কারবার নিয়ন্ত্রণ করা বলেই খবর।

    এমন প্রেক্ষাপটে উত্তরবঙ্গ সফরে চিকেনস নেকে বা শিলিগুড়ি করিডরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পর্যালোচনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গোয়েন্দা সূত্রের খবর, বাংলাদেশ সীমান্তের যেসব অংশে এখন কাঁটাতারের বেড়া পাতা হয়নি, সেই সব অংশে দ্রুত তা শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ থেকে যাতে কোনো অনুপ্রবেশকারী এপারে আসতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে বলা হয়েছে। শুধু সীমান্ত এলাকা নয়, দেশের অভ্যন্তরে ছড়িয়ে থাকা চরদের চিহ্নিত করা এবং ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এজন্যই সড়ক, ট্রেন সহ বিভিন্ন পথে নজরদারি বাড়ানো হবে। নিরাপত্তায় যাতে ফাঁক না থাকে সেজন্য আধুনিক সরঞ্জামের ব্যবস্থা করা হবে। সীমান্তে রেডিও ও সফটওয়ার ভিত্তিক নিরাপত্তা, নতুন ডিজাইনের কাঁটাতারের বেড়া পাতায় জোর দেওয়া হচ্ছে।

    দেশের অভ্যন্তরীণ নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অংশ শিলিগুড়ি করিডর। এর পাশেই বাংলাদেশ, নেপাল, ভুটান ও চীন সীমান্ত। বরাবরই এই করিডর টার্গেট ভারত বিরোধী শক্তির। তাই একের পর এক পাকচর গ্রেপ্তারের পর পুলিশ সহ প্রতিটি এজেন্সিকে এদিনের বৈঠকে সতর্ক করা হয়েছে বলে গোয়েন্দা সূত্রের খবর। এদিন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার পর মালদহের সাংসদ খগেন মুর্মু বলেন, চিকেনস নেক সহ গোটা উত্তরবঙ্গের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 
  • Link to this news (বর্তমান)