• চলন্ত ট্রেন থেকে ফেলে নির্যাতন, আশঙ্কাজনক অবস্থায় পরিযায়ী শ্রমিক
    বর্তমান | ২৩ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: কাজের খোঁজে ভিনরাজ্যে গিয়ে পাশবিক অত্যাচারের শিকার হলেন জলপাইগুড়ির গড়ালবাড়ির বাসিন্দা ১৯ বছরের তরুণ ফারুক হোসেন। কেরল যাওয়ার পথে চেন্নাইয়ে দুষ্কৃতীরা তাঁর সর্বস্ব ছিনতাই করে। এরপর ওড়িশায় পৌঁছলে ফের একদল যুবক তাঁকে ধরে মারধর করে এবং বাড়িতে ফোন করে মুক্তিপণ দাবি করে। টাকা না পেয়ে তাঁকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া হয়।

    ​মারাত্মক জখম অবস্থায় ফারুক বাড়ি ফেরার জন্য পরবর্তী ট্রেনে ওঠার চেষ্টা করলে দুষ্কৃতীরা ফের তাঁর ওপর চড়াও হয় এবং দ্বিতীয়বারের জন্য তাঁকে চলন্ত ট্রেন থেকে নিচে ফেলে দেয়। ওড়িশার স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। ঘটনা জানতে পেরে উদ্বিগ্ন পরিবার জলপাইগুড়ি সিটু নেতৃত্বের দ্বারস্থ হয়। জেলা সম্পাদক কৃষ্ণ সেন তৎক্ষণাৎ দিল্লি ও কলকাতা নেতৃত্বের মাধ্যমে ওড়িশার সিটু কর্মীদের সঙ্গে যোগাযোগ করেন। ওড়িশার সিটু কর্মীরা হাসপাতালে পৌঁছে আহত ফারুকের চিকিৎসা ও আইনি সহায়তা নিশ্চিত করেন এবং তাঁকে নিরাপদে জলপাইগুড়িতে পরিবারের কাছে ফিরিয়ে আনেন।

    ​আক্রান্ত ফারুক হোসেন জানান, তাঁর ওপর চরম অত্যাচার চালানো হয়েছে এবং দু’-দু’বার চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছে। ফারুকের দাদা আব্দুল মোহাম্মদ সিটুর তৎপরতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অন্যদিকে, জেলা সম্পাদক কৃষ্ণ সেন পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, এ ধরনের বর্বর ঘটনা প্রতিনিয়ত ঘটছে। ভিনরাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
  • Link to this news (বর্তমান)