নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিউটাউনে অধ্যাপিকার অনুমতি ছাড়া তাঁর ছবি ও ভিডিয়ো তুলে ইনস্টাগ্রামে আপলোড করার অভিযোগে এক ইনফ্লুয়েন্সারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম সোমেন গোলদার। তিনি নিউটাউনের শুলানগুড়ি কলোনির বাসিন্দা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওই অধ্যাপিকার দায়ের করা অভিযোগের ভিত্তিতে নিউটাউন পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। অভিযোগ অনুযায়ী, গত ১১ জুন রাতে ক্লক টাওয়ারের কাছে অভিযুক্ত গোলদার ওই অধ্যাপিকার গাড়ি থামিয়ে তাঁর সঙ্গে কথা বলেন। কথোপকথনের পর তিনি অধ্যাপিকার পিছু নেন এবং গোপনে নিজের ফোনে অধ্যাপিকার ভিডিয়ো তোলেন। পুলিশের তরফে জানানো হয়েছে, ভিডিয়োটি ইনস্টাগ্রামে আপলোড করা হয় এবং তা ভাইরাল হয়ে যায়। সেই ঘটনায় নিউটাউন থানায় অধ্যাপিকা অভিযোগ করেন। তার ভিত্তিতেই অভিযুক্তকে তড়িঘড়ি গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাঁকে বারাসত আদালতে হাজির করা হয়েছে।