শ্যামাপ্রসাদের নামে বলাগড়ের হাসপাতাল শ্রীরামপুরে বহির্বিভাগের নিয়ম বদলের নিদান
বর্তমান | ২৩ আগস্ট ২০২৬
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: নাম পরিবর্তনের ধারা হুগলিতেও। রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকারের বিধানসভা এলাকাতে তাঁরই উদ্যোগে বদল হল হাসপাতালের নাম। বলাগড়ের আহমেদপুরে আছে বলাগড় হাসপাতাল। সেই হাসপাতালের নতুন নামকরণ করা হয়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় গ্রামীণ হাসপাতাল। নতুন নামকরণ ও সেই সংক্রান্ত বোর্ড ঝোলানোর পরে হাসপাতাল পরিদর্শন করতে গিয়েছিলেন মন্ত্রী নিজেই। পরে তিনি জানিয়েছেন, বলাগড়ে শ্যামপ্রসাদের বসতভিটেকে কেন্দ্র করে একগুচ্ছ কেন্দ্রীয় প্রকল্প তৈরি করা হচ্ছে। বাংলার প্রাণপুরুষকে নাগরিকদের দাবিতে সম্মান জানানো হয়েছে। তিনি বলেন, ওই হাসপাতালের নাম পরিবর্তনের মধ্যে দিয়ে বাংলার সৃষ্টির কারিগরকে আমরা সম্মানিত করতে চেয়েছি। নাগরিকমহল থেকেও এনিয়ে দাবি ছিল। প্রসঙ্গত, এবারের নির্বাচনে বলাগড়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যয়ের পিতৃপুরুষের ভিটেকে কেন্দ্র করে প্রচারে শান দিয়েছিল বিজেপি। তবে ওই নাম পরিবর্তন নিয়ে সমাজমাধ্যমে পক্ষে-বিপক্ষে চর্চা শুরু হয়েছে। অনেকেই দাবি করেছেন, নাম পরিবর্তন অপেক্ষা পরিষেবাতে বদল আনা বেশি জরুরি ছিল। কেউ কেউ বলেছেন, হাসপাতালটিকে স্টেট জেনারেল হাসপাতাল করে নাম পরিবর্তন করলে, শ্যামাপ্রসাদকে অনেক বেশি সম্মান দেখানো হতো।
এদিকে, শনিবারই হুগলির শ্রীরামপুরের সুপার স্পেশালিটি হাসপাতালে আচমকা পরিদর্শনে গিয়েছিলেন সুমনা। সেখানে তিনি সমস্ত পরিষেবা খতিয়ে দেখেন। রোগী ও তাঁদের আত্মীয়দের সঙ্গেও কথা বলেন। পরিদর্শন শেষে তিনি মোটের উপরে পরিষেবা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তবে তিনি হাসপাতালের বহির্বিভাগ বেলা ৯টা’র বদলে সাতটা থেকে চালুর নির্দেশ দিয়েছেন। এদিন তাঁকে হাসপাতাল কর্তৃপক্ষকে বলতে শোনা যায়, সময় বদলে গিয়েছে, নিজেদের বদলে ফেলুন। পরে তিনি বলেন, সকাল ৭টা থেকে বহির্বিভাগ খোলা থাকলে মানুষ বেশি পরিষেবা পাবেন। সেটাই কার্যকর করতে বলা হয়েছে।