সংবাদদাতা, উলুবেড়িয়া: প্রাথমিক চিকিৎসা পরিষেবার লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পে রাজ্যে তৈরি হচ্ছে আয়ুষ্মান মন্দির। পাশাপাশি বিভিন্ন জায়গায় আয়ুষ্মান ভারত মন্দির চালু হচ্ছে। শনিবার আমতা বিধানসভার বাকসী শিবতলায় এরকম একটি মন্দিরের উদ্বোধন হল। উদ্বোধন করেন আমতার বিধায়ক অমিত সামন্ত। ছিলেন আমতা বিধানসভার প্রাক্তন কংগ্রেস বিধায়ক অসিত মিত্র। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, স্বাস্থ্যকেন্দ্র চালু হওয়ায় মানকুর চাতাল এবং বাকসী শিবতলার মানুষ উপকৃত হবেন। জানা গিয়েছে, মানুষকে বাড়ির কাছে প্রাথমিক চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য দীর্ঘদিন আগে স্থানীয় বাসিন্দা প্রদীপকুমার প্রধান জায়গাটি দান করেছিলেন। অভিযোগ, এরপর ভবন তৈরি করা হলেও চিকিৎসা পাওয়া যাচ্ছিল না। শনিবার চিকিৎসা পরিষেবা দেওয়া শুরু হল। বিধায়ক বলেন, দীর্ঘ টালবাহানার পর সবাইকে সঙ্গে নিয়ে আয়ুষ্মান আরোগ্য মন্দিরের উদ্বোধন হল। গ্রামের প্রান্তিক মানুষদের বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা দেওয়া আমাদের মূল লক্ষ্য। আগামী সপ্তাহে আরও চারটি আয়ুষ্মান আরোগ্য মন্দিরের উদ্বোধন হবে। স্থানীয় বাসিন্দা পাপড়ি প্রধান বলেন বাগসী নদী সংলগ্ন এলাকার মানুষ দীর্ঘদিন ধরে চিকিৎসা পরিষেবা পাওয়ার ক্ষেত্রে পিছিয়ে আছেন। পরিবারের পক্ষ থেকে জমি দেওয়ার পর দীর্ঘদিন লড়াই চালিয়ে বিধায়কের উদ্যোগে স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন হল। নিজস্ব চিত্র